সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৯:৩৭ এএম
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়েকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবার পৌঁছেছে এক ভিন্ন মাত্রায়। বিয়ের ভেন্যুর বাইরে রাস্তা থেকে কুড়িয়ে আনা বিভিন্ন আবর্জনাও স্মারক হিসেবে কিনে নিচ্ছেন সুইফটের ভক্তরা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক টেইলর সুইফটের বিয়ের দিন ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস অনলাইনে বিক্রির জন্য ছাড়েন। প্রতিটি সংগ্রহের মূল্য রাখা হয় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা)। বিক্রি শুরুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সবগুলো সংগ্রহ বিক্রি হয়ে যায়।
সংগৃহীত জিনিসগুলোর মধ্যে ছিল সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, প্লাস্টিকের চামচ, ললিপপের কাঠি, পুলিশ ব্যবহৃত সতর্কীকরণ ফিতা, এমনকি রাস্তায় পড়ে থাকা একটি বাম কানের এয়ারপড ও একটি ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিট।
গিগনাক প্রতিটি সংগ্রহকে ছোট স্বচ্ছ প্লাস্টিকের কিউবের ভেতরে বায়ুরোধীভাবে সংরক্ষণ করেছেন। তাঁর ভাষায়, এগুলো কেবল আবর্জনা নয়, বরং সময়ের গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক ঘটনার ‘টাইম ক্যাপসুল’ বা স্মৃতিচিহ্ন।
গত মঙ্গলবার নিজের ওয়েবসাইট ‘নিউইয়র্ক সিটি গার্বেজ’এ সংগ্রহগুলো বিক্রির জন্য উন্মুক্ত করেন তিনি। এরপর মাত্র একদিনের মধ্যেই সবগুলো বিক্রি হয়ে যায়।
গিগনাক জানান, এ পর্যন্ত তিনি এমন ৫০টি সংগ্রহ বিক্রি করে ১ হাজার ২৫০ মার্কিন ডলার (প্রায় দেড় লাখ টাকা) আয় করেছেন। ভক্তদের ব্যাপক আগ্রহের কারণে তিনি ভবিষ্যতে আরও এমন সংগ্রহ বিক্রির পরিকল্পনা করছেন।
এ বিষয়ে তিনি বলেন, আমি সব সময় নিউইয়র্ক শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক মুহূর্তগুলো সংরক্ষণ করার চেষ্টা করি। টেইলর সুইফটের বিয়ে নিঃসন্দেহে এ সময়ের অন্যতম বড় ঘটনা। তাই আমি সেই বিশেষ মুহূর্তের একটি ছোট্ট স্মৃতিচিহ্ন ধরে রাখতে চেয়েছি।
আরটিভি/এসকে