মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:২৬ পিএম
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে যাচ্ছেন।
আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে মঞ্চে উঠবেন তিনি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে তার বিশেষ পরিবেশনা। এ সময় তার সঙ্গে থাকবেন ডিজে জুডু।
বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে নজর কাড়েন সঞ্জয় দেব। শুধু পরিবেশনাই নয়, তার পরনে থাকা মেরুন রঙের বিশেষ স্যুটে ফুটে উঠেছিল বাংলাদেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা, যা আন্তর্জাতিক দর্শকদের কাছেও প্রশংসিত হয়।
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ফ্যান ফেস্ট ২.০’। সরাসরি ম্যাচ সম্প্রচারের পাশাপাশি প্রতিদিন থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই থাকবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ জুলাই মঞ্চে উঠবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই পারফর্ম করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই দর্শকদের মাতাবেন ডিজে সানী। আর ১৯ জুলাই ফাইনালের আগে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঞ্জয় দেবের পরিবেশনা।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ এবং জেফারসহ দেশ-বিদেশের বহু জনপ্রিয় শিল্পী।
এদিকে, অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে ফ্যান ফেস্ট ২.০-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আয়োজন।
আরটিভি/এসকে