images

বিনোদন / বলিউড

জুবিনের স্মৃতি ফিরে পেতে নির্মিত হতে যাচ্ছে সিনেমা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:০৫ পিএম

ভারতের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গকে নিয়ে নতুন ছবি নির্মাণ করছেন পরিচালক প্রীতম বন্দ্যোপাধ্যায়। ছবির নাম রাখা হয়েছে লাভ ইউ জুবিনদা। ছবি নির্মাণের আগে জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়ার অনুমতিও নিয়েছেন তিনি। 

এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রীতম জানান, জুবিনকে কাছ থেকে দেখার অভিজ্ঞতাই তাকে এই ছবি নির্মাণে অনুপ্রাণিত করেছে। ইডিয়ট, খোকা ৪২০ ও খিলাড়িসহ একাধিক ছবিতে প্রীতমের পরিচালনায় গান গেয়েছিলেন জুবিন। সেই সময় রেকর্ডিংয়ের জন্য প্রায়ই গুয়াহাটিতে যেতেন পরিচালক।

আরও পড়ুন
Web-Image

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী

2
ভারতের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ ।  ছবি: সংগৃহীত

 

প্রীতমের ভাষ্য, রেকর্ডিংয়ের পর জুবিন নিজে রান্না করে অতিথিদের খাওয়াতেন। গুয়াহাটির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতেন এবং রাতভর আড্ডার পর নিজেই গাড়ি চালিয়ে হোটেলে পৌঁছে দিতেন।

সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে, তা হলো জুবিনের মানবিকতা। প্রীতম বলেন, পারিশ্রমিক পাওয়ার পর রাতের বেলায় গাড়ি নিয়ে বেরিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করতেন জুবিন। অনেক সময় ফুটপাথে ঘুমিয়ে থাকা মানুষের চাদরের নিচে টাকা রেখে আসতেন, যাতে তারা বুঝতেও না পারেন কে সাহায্য করেছে।

তিনি আরও জানান, এক বৃদ্ধার দোকানে পিঠা খেতে গিয়ে সামান্য খাবারের দাম হলেও জুবিন না গুনেই অনেক বেশি টাকা দিয়ে দিতেন। শীতের রাতে গরিব মানুষের গায়ে কম্বল বা চাদর জড়িয়ে দেওয়ার ঘটনাও তিনি বহুবার দেখেছেন।

1
পরিচালক প্রীতম বন্দ্যোপাধ্যায় ।  ছবি: সংগৃহীত

 

প্রীতম বলেন, জুবিনের কণ্ঠে গান গাওয়া মানেই সেই গান সফল হওয়া। তার মতে, একজন শিল্পীর মন বড় হওয়া উচিত, আর জুবিন ঠিক তেমনই ছিলেন।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু হয়। মৃত্যুর কয়েক দিন আগে প্রীতমের সঙ্গে তার কথা হয়েছিল এবং ২৬ সেপ্টেম্বর দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই আসে দুঃসংবাদ। এরপর থেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে একটি কাজ করার কথা ভাবেন প্রীতম।

জুবিনের মৃত্যুর পর আসামজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। প্রীতমের দাবি, অনেক মানুষ স্বেচ্ছায় দীর্ঘদিন আমিষ খাবার খাননি এবং বহু জায়গায় মাংসের দোকানও বন্ধ ছিল। তার ভাষায়, আসামের মানুষ আজও মনে করেন না যে জুবিন আর নেই।

তিনি আরও বলেন, কার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার চিকিৎসার প্রয়োজন— এসব খবর জুবিন রাখতেন এবং নীরবে মানুষের পাশে দাঁড়াতেন। সেই অজানা মানবিক দিকগুলোই নতুন ছবিতে তুলে ধরবেন প্রীতম বন্দ্যোপাধ্যায়।


আরটিভি/জেএমএ