বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:৪৪ পিএম
ছোটবেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, ছবিটি কবে এবং কীভাবে তোলা হয়েছিল।
সোমবার (১৩ জুলাই) নিজের এক কোটি অনুসারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছবিটি শেয়ার করেন পূর্ণিমা। গোলাপি পোশাক পরা হাস্যোজ্জ্বল ছোট্ট মেয়েটির ছবি প্রকাশের পর তাতে অল্প সময়েই প্রায় অর্ধলাখের বেশি প্রতিক্রিয়া এবং তিন হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
ছবিটি সম্পর্কে পূর্ণিমা জানান, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন। বাবার চাকরির সুবাদে তাদের পরিবার ঢাকার তৎকালীন পিজি হাসপাতালের কর্মচারী কোয়ার্টারে থাকত। তিনি পড়াশোনা করতেন সায়েন্স ল্যাব এলাকার বিসিএসআইআর বিদ্যালয়ে। ছবিটি তোলা হয়েছিল এক ঈদের সকালে।
সেই দিনের স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ঈদের আগে তার মা দুই বোনের জন্য নিউমার্কেট থেকে কাপড় কিনে এনে নিজের পছন্দমতো গোলাপি রঙের পোশাক তৈরি করে দিতেন। তার মায়ের ইচ্ছা ছিল, মেয়েরা যেন সবার থেকে একটু আলাদা দেখায়। তাই ঈদের আগের দিন পর্যন্ত নতুন পোশাক কাউকে দেখানো হতো না। ঈদের সকালে সেমাই খাওয়ার পর ছবিটি তোলা হয়েছিল বলে মনে আছে তার।
অনেক বছর পর পুরোনো ছবিটি দেখে আবেগাপ্লুত হন পূর্ণিমা। তিনি বলেন, ছবিটি দেখে মনে হয়েছে ভক্তদের সঙ্গে স্মৃতিটা ভাগ করে নেওয়া উচিত। ছোটবেলার সেই দিনগুলোতে আবার ফিরে যেতে পারলে ভালো লাগত বলেও জানান তিনি।
মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি দেশের অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। বর্তমানে নিয়মিত অভিনয় না করলেও উপস্থাপনা, বিচারকের দায়িত্ব, বিজ্ঞাপনচিত্র এবং বিভিন্ন ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত গাঙচিল ও জ্যাম চলচ্চিত্র দুটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে আহারে জীবন চলচ্চিত্রে। নতুন চলচ্চিত্রের প্রস্তাব পেলেও নিজের পছন্দের গল্পের অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
আরটিভি/জেএমএ