শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৯:২৫ পিএম
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বরাবরই সচেতন। ব্যস্ত শুটিং, সংসার কিংবা মাতৃত্ব—কোনো কিছুই তার নিয়মিত শরীরচর্চায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা ভক্তদের নজর কেড়েছে।
সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক করণ সাহনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর ওয়ার্কআউটের কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, জিমে একের পর এক কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।
ওয়ার্কআউটের সময় আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে ছিল না কোনো মেকআপ। একেবারে সাধারণ লুকেই নিজের অনুশীলনে মনোযোগ দেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যাকশনধর্মী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া। এর আগে 'জিগরা' সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্যও বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন তিনি। একইভাবে 'আলফা' ছবির জন্যও নিয়মিত কঠোর শরীরচর্চা করেছেন।
এক সাক্ষাৎকারে করণ সাহনি জানান, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তিনি একই সঙ্গে ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যে স্বচ্ছন্দভাবে অভিনয় করার মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে পারেন।
যদিও 'আলফা' বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ছবিটির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। নতুন ভাইরাল হওয়া ভিডিওটিও সেই পরিশ্রমেরই আরেকটি প্রমাণ বলে মনে করছেন ভক্তরা।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট। অনেকের মতে, মা হওয়ার পরও যেভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আবার অনেকেই বলছেন, পর্দায় তার অ্যাকশন দৃশ্যের স্বচ্ছন্দ উপস্থিতির পেছনে রয়েছে এই কঠোর অনুশীলন।
আরটিভি/এসকে