images

বিনোদন

কনসার্টে গায়িকা জেসমিন স্যান্ডলাসের সঙ্গে অশালীন আচরণ, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:২৮ এএম

ভারতীয়-আমেরিকান জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্ট শেষে ভক্তদের ভিড়ে অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে অনুষ্ঠিত একটি কনসার্টের পর ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অনুষ্ঠান শেষে ভক্তদের শুভেচ্ছা জানাতে এবং তাদের দেওয়া ফুল গ্রহণ করতে মঞ্চের নিচে নেমে আসেন জেসমিন। এ সময় কয়েকজন ভক্ত তার হাত ধরে কাছে টেনে নেন। তিনি নিচু হয়ে ভক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে চারপাশে আরও ভিড় জমে যায়। ভাইরাল ভিডিওতে কয়েকজনকে গায়িকার শরীর স্পর্শ করার চেষ্টা করতেও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেসমিনের নিরাপত্তাকর্মীরা বারবার ভক্তদের পেছনে সরে যাওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে জেসমিন নিজেও সবাইকে দূরে সরে দাঁড়াতে বলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভিডিওটি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শিল্পীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একজন ব্যবহারকারী লেখেন, ফুল দিতে গিয়ে একজন শিল্পীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” আরেকজন মন্তব্য করেন, ভক্ত হওয়া মানে এই নয় যে একজন শিল্পীকে ইচ্ছেমতো স্পর্শ করা যাবে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জেসমিন স্যান্ডলাস বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার একাধিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন জেসমিন স্যান্ডলাস। এর আগে কিক সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ার না মিলে’ এবং মুঞ্জ্যা ছবির ‘তারাস’ গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই নিজের বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন এই গায়িকা। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরটিভি/এসকে