মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:৩৬ এএম
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদযাপন করলেন তার ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনে স্বামী ভিকি কৌশল ও তাদের আট মাস বয়সি ছেলে ভিহানকে নিয়ে কাটানো কিছু আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি হৃদয়ছোঁয়া ছবি, যেখানে ক্যাটরিনাকে ছেলে ভিহানের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায়। তবে সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ছবিতে তার মুখ প্রকাশ করা হয়নি। পোস্টে ক্যাটরিনার একক ছবির পাশাপাশি স্বামী ভিকি কৌশলের সঙ্গে তোলা একটি মুহূর্তও স্থান পেয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন।
ক্যাটরিনার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। অভিনেত্রী দিয়া মির্জা মন্তব্যে লেখেন, ভালোবাসা ও শুভকামনা। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ এবং জোয়া আখতার লাল হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন ভিকি কৌশল। ছবিতে কেকের একটি টুকরো হাতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে ভিকি হিন্দিতে লেখেন, আমার প্রিয় মানুষের জন্মদিন।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রথম দেখা হয় ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত এক অনুষ্ঠানে। একই বছর তাদের প্রেমের সম্পর্কের সূচনা হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ভিহান। চলতি বছরের শুরুতে তারা জানান, ভিকি অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় তার চরিত্রের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে ভিহান।
বর্তমানে মাতৃত্বকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ভিকি কৌশলকে শিগগিরই সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।
সূত্র: এনডিটিভি
আরটিভি/এসকে