images

বিনোদন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী কাইলি হটলের

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১২:৩৭ পিএম

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী কাইলি হটলে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

কাইলির বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে এসে প্রথমে মেয়ের মৃত্যুর খবর জানান। পরে তিনি মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জশুয়ার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথমে দুর্ঘটনার খবর পান। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফোন করে তাকে জানানো হয়, হাসপাতালে নেওয়ার পথে কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কাইলি হটলে। শৈশব কাটে টেক্সাসের অস্টিনে। জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মাত্র ৯ বছর বয়সে বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমায় জিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন কাইলি। এরপর ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’-এও একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এছাড়া জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন
PURNIMA

‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা, জানালেন ভাইরাল ভিডিওর আসল গল্প

মাত্র ১৮ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে