শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০২:৪১ পিএম
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের পাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন ভারতের তরুণরা। ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি মন্তব্য ভাইরাল হওয়ার পরই বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। পরে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) সমর্থক ও অনেক তরুণ মেলোনির মন্তব্যের ঘরে মোদির পদত্যাগের আহ্বান জানিয়ে মন্তব্য করতে শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রী রাখি সাওয়ান্ত জর্জিয়া মেলোনির একটি ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, “দয়া করে আপনার প্রেমিককে পদত্যাগ করতে বলুন। দয়া করে তাকে পদত্যাগ করতে বলুন।” রাখির এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই একই পোস্টে মোদিকে নিয়ে মন্তব্যের ঢল নামে।

এরপর রিয়েল বিকাশ প্রজাপতি নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে মন্তব্য করা হয়, দয়া করে মোদি জিকে পদত্যাগ করতে বলুন। আপনার কথা তিনি অবশ্যই শুনবেন।

আবার অর্পিতা ইয়াদাভ নামে আরেকটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে লেখা হয়, আপনার মানুষটিকে একটু বুঝিয়ে বলুন। আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে।

দেবাংশ নামে আরেকজন মন্তব্য করেন, আপনার প্রেমিককে বলুন, শিক্ষার্থীদের কথা শুনতে।
এ ধরনের আরও অসংখ্য মন্তব্যে অনেকেই মেলোনির সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে তাকে মেলোনির ‘প্রেমিক’ বলে উল্লেখ করছেন। আবার অনেকেই মেলোনির কাছে অনুরোধ জানিয়ে লিখছেন, তিনি যেন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন আর তামাশা না করা হয়।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনায় আসে। দুই দেশের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের আন্তরিক উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। সেই প্রেক্ষাপট টেনেই বর্তমানে অনেক ব্যবহারকারী রসিকতার ভঙ্গিতে এ ধরনের মন্তব্য করছেন।

এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপি)। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত, দোষীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের বিধান এবং কঠোর শাস্তির প্রস্তাবসহ একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় মোদি বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, মেলোনির পোস্টে করা এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত মন্তব্য। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।
অনুবাদ করেছেন আরটিভির সহসম্পাদক জান্নাতুল মাওয়া অর্পিতা।
আরটিভি/জেএমএ