images

বিনোদন

বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট ২০১৬’

রোববার, ১৩ নভেম্বর ২০১৬ , ০৭:৫৮ পিএম

বাংলা একাডেমি চত্বরে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’। আসছে ১৭-১৯ নভেম্বর চলবে ‘ঢাকা লিট ফেস্ট ২০১৬’।  

তিনদিনের এ উৎসবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য থাকবে বিভিন্ন আয়োজন। ১৮টি দেশ থেকে ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক অংশ নিচ্ছেন এবারের লিট ফেস্টে। 

রোববার বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আমেদ, আহসান আকবর এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেলসহ সংশ্লিষ্টরা। 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কাজী আনিস আহমেদ। তিনি জানান, ষষ্ঠবারের মতো করা এই আয়োজনের পরিধি অনেক বেড়েছে। ১৭ নভেম্বর সকাল ৯টায় উৎসব উদ্বোধন করবেন নোবেলজয়ী সাহিত্যিক ভিএস নাইপলের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সঙ্গে থাকছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ সব সহযোগী এবং দেশি-বিদেশি সাহিত্যিকরা। 


 
উৎসবে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশনের অপশন চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন বিনামূল্যে করা হলেও রেজিস্ট্রেশনের প্রিন্টেড কপি বা ই-কপি ছাড়া কাউকে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে উৎসব কমিটি। রেজিস্ট্রেশন করা যাবে ঢাকা লিট ফেস্টের ওয়েবসাইটে (dhakalitfest.com)।

প্রয়াত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হককে স্মরণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হবে এবারের আয়োজনে। লিট ফেস্টে তাঁর লেখা উপন্যাস ‘নীল দংশন’ এর একটি অংশ ইংরেজিতে মঞ্চায়িত হবে। থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া খ্যাতিমান লেখক ফকরুল আলম অনূদিত মীর মোশাররফ হোসেনের খ্যাতনামা উপন্যাস ‘বিষাদ সিন্ধু’-এর প্রকাশনা উৎসব হবে এবারের আয়োজনে। 

২০১১ সাল থেকে ‘হে ফেস্টিভ্যাল’ নামে এই উৎসবের যাত্রা শুরু হলেও গত বছর থেকে এর নামকরণ করা হয় ‘ঢাকা লিট ফেস্ট’।

এম