শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ০২:৩৩ পিএম
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।
অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেন নায়িকা।

অনুষ্ঠানে সঞ্চালক পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। এ সময় নায়িকার মুখ থেকে উঠে আসে তার জেল জীবন প্রসঙ্গ।
২০২১ সালের ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। সে সময়ের দুঃসহ অভিজ্ঞতাই সাম্প্রতিক এই সাক্ষাৎকারে তুলে ধরেন পরীমণি।

জেলে যাবার আগ মুহূর্তের তথা অ্যারেস্টের সময়ের অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, আমার জীবনটা কেমন ছিলো? আমার নানুভাই, আমার ছোট পোষ্য (কুকুর)-পুটু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজ- এছাড়া আর কী? সে সময় পুটু চিল্লাচ্ছে। ও একটা বোবা প্রাণী, আমি নিজে বোঝাতে পারছিলাম না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে- কোনো উত্তর নেই। নানুভাই তাকিয়ে আছেন, ওনাকে কী বলব!’ হাসতে হাসতে পরীমণি বললেন, ‘উনি জায়নামাজে বসা, আমি কি বলব- তোমার নাতিকে ধরে নিয়ে যাচ্ছে মাদক মামলায়- মানে কীভাবে বলব!

পরীমণি আরও বলেন, তখন আমার মনে হচ্ছিল, এটাও একটা দেশান্তরী- মানে আমার জন্য। আমার সমস্ত স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া।
এদিকে ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল থেকে সফল উদ্যোক্তা- পরীমণি যেন একের পর এক নতুন পরিচয়ে অনন্য হয়ে উঠছেন। অভিনয়ের বাইরেও তার জীবনযাত্রা, চিন্তাভাবনা আর উদ্যোগে বারবার উঠে আসে এক সাহসী নারীর গল্প।
গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা পরীমণির অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে।

মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’র জন্ম- এমনটাই জানান পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’র পণ্যসম্ভার।
এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
পরীমণি আরটিভিকে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।
প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
আরটিভি/এএ