বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৯:৩৫ পিএম
বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সিনেমার বেশির ভাগ কাজও শেষ হয়েছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় এই অভিনেত্রী।
পরিকল্পনা ছিল, বিদেশ থেকে ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর। কিন্তু তিনি শিগগিরই দেশে ফিরতে না পারায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তারা শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করছে ইউটিউবে।
এরই মধ্যে ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
হঠাৎ করেই ইউটিউবে ‘রঙ্গনা’ সিনেমার অসম্পূর্ণ শুটিংয়ের ফুটেজ প্রাকশ পাওয়ায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। তিনি বলেন, এত বছর ধরে সিনেমায় কাজ করেছি, এমন ঘটনা কখনো ঘটেনি। শুধু আমার নয়, কোনো শিল্পীর সঙ্গেও এমনটা ঘটেছে কি না, জানা নেই। অসমাপ্ত ছবির ফুটেজ ইউটিউবে প্রকাশ করা চরম অনৈতিক ও অপেশাদার আচরণ। শিল্পীর অনুমতি ছাড়া এমন কাজ শিল্পীর মর্যাদাকে আঘাত করে।
তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কেউ কখ এভাবে শিল্পীর বিশ্বাস ভঙ্গ করেননি। এখনকার অনেকেই হয়তো বুঝতে পারেন না, একটি অসমাপ্ত সিনেমা ফাঁস হওয়া মানে শিল্পীর বছরের পর বছর পরিশ্রমকে অপমান করা।
পরিচালক আরাফাত হোসাইনও জানিয়েছেন, ফুটেজ ফাঁসের বিষয়টি তার অজানা। তিনি বলেন, এই ভিডিওগুলো কোথা থেকে বের হলো, আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত এর উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
‘রঙ্গনা’ সিনেমাটির মহরত হয় ২০২৩ সালের শেষ দিকে, ঢাকার একটি ক্লাবে জমকালো আয়োজনে। শাবনূরের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন নতুন প্রজন্মের কয়েকজন শিল্পীও। প্রথম লটের শুটিং হয় ঢাকার পুবাইলসহ বিভিন্ন লোকেশনে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই সিডনি ফিরে যান অভিনেত্রী। দেশে ফেরার কথা থাকলেও শুটিং আর এগোয়নি। তার আগেই ইউটিউবে উঠে যায় শুটিংয়ের ফুটেজ।
১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শাবনূর। দুই দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন দেড় শতাধিক সিনেমায়। রোমান্টিক, সামাজিক ও আবেগঘন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডের এক অনন্য আসন দখল করেন তিনি। এখন অস্ট্রেলিয়ার সিডনিতে একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।
আরটিভি/এএ