শনিবার, ০২ মে ২০২৬ , ০৩:৪৭ পিএম
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি।
সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত এ চলচ্চিত্রে।
সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশী গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশাকরি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবেন।
তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।
আরটিভি/এসএইচএম