শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ০৩:০০ পিএম
ছোট পর্দায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সামিরা খান মাহি। ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতাও। বর্তমানে নাটক নিয়েই তার সকল ব্যস্ততা। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।
গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে ‘বকুল ফুল’ নামক একটি নাটকে। নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।
সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নতুন করে প্রকাশ করলেন মাহি। যে ছবি দেখে রীতিমতো চমকে গেছেন সবাই! পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে। যারা নাটকটি দেখছেন তারা মাহির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে নাটকটির শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেছেন মাহি। যা দেখে ভড়কে গেছেন তার অনুরাগীরা।

ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।
ছবিগুলোতে দেখা যাচ্ছে একদম উসকো-খুশকো চুলে এক উন্মাদ নারী। এক হাতে খাবারের থালা। চুলে জট ধরে গেছে। মানসিক ভারসাম্যহীন হারিয়ে নিরুপায় সে!
ছবিগুলো প্রকাশ করা মাত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। কেউ বলছেন, হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।
কেউ লিখেছেন, ওরে আল্লাহ একদমই চেনা যাচ্ছে না অসাধারণ হবে অভিনয়।
আরটিভি/এএ/এস