শনিবার, ০৯ আগস্ট ২০২৫ , ০৪:১৬ পিএম
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা খাইরুল বাসার। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। কাজের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেতা। প্রায়ই সামাজিক বিষয়াবলি নিয়ে নিজের মত প্রকাশ করেন ফেসবুকে। সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
খায়রুল বাসার তার পোস্টে লেখেন, এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পিছনে নাচি মরি কাটাকাটি করি! দলাদলি করে মরেন আপনাকে নিয়ে রাজনীতি হবে, হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!
তিনি লেখেন, দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ বা একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সাংবাদিক হিসেবে মরেন আপনাকে নিয়ে কারও হুঁশিয়ারি নেই! কেউ বলে না মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না।
সবশেষ তিনি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি।
মূকাভিনেতা থেকে অল্প সময়েই ছোটপর্দার প্রিয় মুখে পরিণত হয়েছেন খায়রুল বাসার। ২০১৭ সাল থেকে টুকটাক অভিনয় দিয়ে শুরু। সময়ের স্রোতে হয়ে উঠেছেন তারকা। নাটক ও ওয়েব কন্টেন্ট করে আলোচনায় আসেন তিনি। আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ তাকে এনে দিয়েছে আলাদা জনপ্রিয়তা।
নাটকের পাশাপাশি মনযোগ তার সিনেমার প্রতিও। নিজেই বহুবার জানিয়েছেন, সিনেমায় নিয়মিত হতে চান খায়রুল বাসার। কাজ করেছেন তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায়।
আরটিভি/এএ