শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৯ পিএম
হঠাৎ দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা গুরুতর অসুস্থতার মুহূর্তে যখন প্রতিটি মিনিটই জীবন-মৃত্যুর সিদ্ধান্তে প্রভাব ফেলে, তখন দ্রুত চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রোগী যদি দূরবর্তী অঞ্চলে থাকেন বা উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের প্রয়োজন হয়, সড়কপথে সময় নষ্ট করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে-বিদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এয়ার অ্যাম্বুলেন্স সেবা যা আকাশপথে দ্রুততম সময়ে রোগীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে।

জীবনরক্ষাকারী এই উড়োজাহাজ ও হেলিকপ্টারগুলোতে থাকে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, জরুরি ওষুধ ও পূর্ণাঙ্গ আইসিইউ সেটআপ। রোগীর সঙ্গে থাকে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত প্যারামেডিক দল, যারা পুরো যাত্রায় রোগীর শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
দুই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স
১. ফিক্সড-উইং ফ্লাইট অ্যাম্বুলেন্স
জেট বা টার্বোপ্রপ বিমানভিত্তিক এই সেবাটি দীর্ঘ দূরত্ব আন্তঃশহর বা আন্তর্জাতিক রোগী স্থানান্তরে ব্যবহৃত হয়। বৃহৎ কেবিন স্পেস থাকায় উন্নত পর্যায়ের আইসিইউ সুবিধা স্থাপন করা যায়। দূরপাল্লার ভ্রমণে আরামদায়ক ও স্থিতিশীল পরিবেশে রোগীকে স্থানান্তরের জন্য এ ধরনের বিমান অত্যন্ত কার্যকর।
২. রোটারি-ফ্লাইট বা হেলিকপ্টার অ্যাম্বুলেন্স
স্বল্প দূরত্ব, দুর্গম এলাকা বা দ্রুত উদ্ধার অভিযানে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সই সবচেয়ে কার্যকর। রানওয়ে প্রয়োজন না হওয়ায় হাসপাতাল চত্বর, খোলা মাঠ বা জরুরি ল্যান্ডিং প্যাডে সহজে অবতরণ করা যায়। শহর বা দেশের অভ্যন্তরে দ্রুত ‘বেড-টু-বেড’ সার্ভিস দিতে সক্ষম।

বাংলাদেশে খরচ কত?
এয়ার অ্যাম্বুলেন্স একটি প্রিমিয়াম সেবা হওয়ায় এর ব্যয় তুলনামূলক বেশি। বাংলাদেশে হেলিকপ্টারভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া- দেশের অভ্যন্তরে ৯০ হাজার টাকা থেকে শুরু। সর্বোচ্চ সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত (দূরত্ব ও অঞ্চলভেদে)।
আন্তর্জাতিক রুটে, খরচ কয়েক লাখ টাকার বেশি। দূরত্ব, বিমানের ধরণ ও মেডিকেল সেটআপ অনুযায়ী মূল্য আরও বাড়তে পারে।
যেসব কারণে খরচ বাড়ে, রোগী পরিবহনের দূরত্ব ও রুট। ফিক্সড-উইং বা হেলিকপ্টার-বিমানের ধরন। বিশেষ মেডিকেল প্রয়োজন (ভেন্টিলেটর, ECMO, কার্ডিয়াক সাপোর্ট)।
বিশেষজ্ঞ ডাক্তার ও প্যারামেডিক দলের উপস্থিতি। বিমানবন্দর ব্যবহার, ল্যান্ডিং চার্জসহ লজিস্টিক ব্যয়।
কেন জরুরি মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ?
সময় বাঁচায়, দ্রুত রোগী স্থানান্তর নিশ্চিত করে, দুর্গম এলাকা থেকে উদ্ধার সম্ভব করে এবং পুরো যাত্রায় আইসিইউ সুবিধা থাকে এই সব মিলিয়ে গুরুতর অবস্থায় রোগীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এয়ার অ্যাম্বুলেন্স।
আরটিভি/এসকে