images

ফিচার

যানবাহন নাকি পথচারী, জেব্রা ক্রসিংয়ে অগ্রাধিকার কার

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৬ পিএম

সড়ক দুর্ঘটনা এখন আমাদের নিত্যদিনের খবর। অসচেতনতা ও ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা, যেখানে চালক ও পথচারী উভয়েরই অসতর্কতা দুর্ঘটনার অন্যতম কারণ। অথচ একটু সচেতন হলেই এসব দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব, আর এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো জেব্রা ক্রসিং ব্যবহার।

জেব্রা ক্রসিং হলো সড়কের ওপর আঁকা সাদা-কালো ডোরা দাগবিশিষ্ট একটি প্রতীক, যা পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত। এটি দেখতে জেব্রার গায়ের ডোরা দাগের মতো হওয়ায় এমন নামকরণ করা হয়েছে।

ট্রাফিক আইন অনুযায়ী, সড়কের এই স্থানে পথচারীর অগ্রাধিকার যান চালকের আগে, অর্থাৎ জেব্রা ক্রসিংয়ের সামনে গাড়িচালকদের থেমে পথচারীদের নিরাপদে পার হওয়ার সুযোগ দেওয়া বাধ্যতামূলক। রাস্তার মাঝামাঝি কোনো জায়গা থেকে হঠাৎ করে বা দৌড়ে রাস্তা পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেব্রা ক্রসিং পথচারীদের একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান দেয়, যেখানে গাড়িচালকদেরও সতর্ক থাকার কথা। জেব্রা ক্রসিং সঠিকভাবে ব্যবহৃত হলে রাস্তা পারাপারে দুর্ঘটনা অনেকটাই কমে যেতে পারে, কারণ চালক ও পথচারী উভয়েই সেখানে নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকেন।

দুঃখজনক ভাবে, বাংলাদেশের অনেক শহরে জেব্রা ক্রসিংয়ের অস্তিত্ব থাকলেও এর যথাযথ ব্যবহার খুবই সীমিত। প্রায়শই দেখা যায়— পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার না করে যেকোনো জায়গা দিয়ে রাস্তা পার হচ্ছেন, অন্যদিকে গাড়িচালকেরাও জেব্রা ক্রসিংয়ের সামনে থামছেন না। এমনকি অনেক স্থানে জেব্রা ক্রসিংয়ের চিহ্ন একদম দেখাই যায় না অথবা রঙ নষ্ট হয়ে অস্পষ্ট হয়ে গেছে।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পর্যাপ্ত জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা নেই।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মনে করেন, জেব্রা ক্রসিং কেবল পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের উপায় নয়; এটি একটি শৃঙ্খলিত, সচেতন ও মানবিক সড়ক ব্যবস্থার প্রতীক। তিনি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করার ওপর জোর দেন এবং বলেন যে রাজধানী ঢাকার বহু জায়গায় এখনো এই চিহ্নই নেই বা থাকলেও তা অস্পষ্ট।

আরও পড়ুন
451515

অতিরিক্ত রেগে যাওয়া একটি রোগ

সাইদুর রহমানের মতে, এই বিষয়ে সচেতনতা বাড়াতে টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যম— উভয় প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালানো জরুরি। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সমাজের প্রতিটি স্তরে জেব্রা ক্রসিং ব্যবহারের বার্তাটি পৌঁছে দিতে হবে এবং বিশেষ করে শিশুদের পরিবার থেকেই এই চিহ্ন সম্পর্কে শেখাতে হবে।

তিনি আরও মন্তব্য করেন যে সড়কে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ট্রাফিক পুলিশকে আরও কঠোর হতে হবে, যেন কেউ জেব্রা ক্রসিং উপেক্ষা করে রাস্তা পার না হয় বা গাড়ি চালাতে না পারে।

একই সঙ্গে, সরকারকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পুরনো ও অস্পষ্ট চিহ্নগুলো স্পষ্ট করে নতুনভাবে আঁকার ব্যবস্থা নিতে হবে।

তিনি চালকদের প্রশিক্ষণের সময় জেব্রা ক্রসিং সম্পর্কিত সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। তার ভাষায়, চালকদের শেখানো উচিত জেব্রা ক্রসিং কীভাবে ব্যবহার করতে হয় এবং পথচারী দেখলে গাড়ি থামিয়ে দেওয়া একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিক কর্তব্য। নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং জেব্রা ক্রসিং ব্যবহারের অভ্যাস গড়ে তোলাই সড়ক নিরাপত্তায় সচেতন হওয়ার প্রথম ধাপ।

আরটিভি/এএইচ