images

ফিচার

৩২ লাখ ডলারে বিক্রি হলো ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০২:৩৫ পিএম

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বার্ষিক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে একটি বিশালাকৃতির টুনা মাছ। চলতি বছরের নিলামে ২৪৩ কেজি ওজনের একটি প্যাসিফিক ব্লুফিন টুনা মাছ ৩২ লাখ মার্কিন ডলারে কিনেছেন এক উদ্যোক্তা। সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাপানের স্বঘোষিত ‘টুনা মহারাজ’ ও জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট সুশি জানমাই-এর মালিক কিয়োশি কিমুরা মাছটি কিনে নেন। উত্তরাঞ্চলীয় ওমা এলাকার উপকূলে জেলেদের জালে ধরা পড়ে এই টুনা, যে অঞ্চলটি উন্নতমানের টুনা উৎপাদনের জন্য সুপরিচিত।

প্রথা অনুযায়ী বিশেষ ঘণ্টা বাজিয়ে সূর্যোদয়ের আগেই টোকিওর সবচেয়ে বড় মাছের বাজারে নিলাম শুরু হয়। নিলাম শেষে গণমাধ্যমকে কিমুরা বলেন, আমি ভেবেছিলাম একটু কম দামে মাছটি কিনতে পারব। কিন্তু মুহূর্তেই দাম বেড়ে যায়। যে দামে কিনতে হয়েছে, তা আমাকে বিস্মিত করেছে।

তিনি আরও বলেন, আমি আশা করি এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে অনেক মানুষ নতুন শক্তি পাবেন। একটি সুন্দর টুনা দেখলেই নিজেকে সংযত রাখা আমার জন্য কঠিন হয়ে পড়ে।

জাপানি মুদ্রায় মাছটির দাম দাঁড়িয়েছে ৫১ কোটি ৩ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯২ কোটি ৮৪ লাখ টাকা। ১৯৯৯ সাল থেকে নিলামের তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই টুনা বিক্রির সর্বোচ্চ মূল্য।

এর আগে ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা ৩৩ কোটি ৩৬ লাখ ইয়েনে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। চলতি বছরের নিলামে সেই রেকর্ড ভেঙেছেন কিয়োশি কিমুরা।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত টোকিওর সুকিজি এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হতো। পরবর্তীতে বাজারটি আরও আধুনিক স্থানে স্থানান্তর করা হয়। ২০২৪ সালে ২৭৬ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা ২০ কোটি ৭০ লাখ ইয়েনে বিক্রি হয়েছিল।

আরও পড়ুন
toilet

বিয়ের পর টানা ৩ দিন টয়লেটে যাওয়া নিষেধ নব-দম্পতির!

করোনাভাইরাস মহামারির সময় রেস্টুরেন্ট খাত সীমিত থাকায় টুনা নিলামে ব্যাপক ভাটা পড়ে। সে সময় অনেক বিক্রেতা তুলনামূলক কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হন।

আরটিভি/এসকে