বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০৬:৩৭ পিএম
ইংল্যান্ডের দক্ষিণ ওয়েলসের ওগমোর সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক রহস্যজনক জুতো ও জুতোর সোল। অদ্ভুত দর্শন ও জীর্ণ এই জুতোগুলি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, জুতোগুলি ভিক্টোরিয়ান যুগের হতে পারে, যা এগুলোর বয়স ও গঠন দেখে প্রায় নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার হওয়া জুতোগুলির অবস্থা অত্যন্ত খারাপ। শুধু সম্পূর্ণ জুতোই নয়, আলাদা আলাদা সোলও পাওয়া গেছে সমুদ্রসৈকতের বিভিন্ন অংশে। প্রশ্ন উঠছে এত বিপুল সংখ্যক পুরনো জুতো এলই বা কোথা থেকে?
বিশেষজ্ঞদের ধারণা, যদি সমুদ্রের ঢেউয়ে ভেসে এসে থাকে, তবে সেগুলি সমুদ্রে পড়ল কীভাবে এবং কেন এত সংখ্যায়তার কোনও স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। এই রহস্য আরও গভীর হয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে। তাঁদের দাবি, সম্প্রতি বিপুল সংখ্যায় জুতো পাওয়ায় বিষয়টি নজরে এসেছে, তবে গত কয়েক বছর ধরেই মাঝেমধ্যে এই সমুদ্রসৈকতে এমন পুরনো জুতো দেখা যেত।
ঘটনার উৎস খুঁজতে গিয়ে তদন্তকারীরা আপাতত দুটি সম্ভাবনার কথা ভাবছেন। প্রথমত, ধারণা করা হচ্ছে, বিংশ শতাব্দীতে ইতালি থেকে আসা কোনও পণ্যবাহী জাহাজ এই এলাকায় নোঙর করার সময় জুতোগুলি দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে যেতে পারে।
দ্বিতীয় সম্ভাবনা অনুযায়ী, এই জুতোগুলি হয়তো সারানো অসম্ভব হয়ে পড়েছিল। ফলে জুতো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সেগুলি একত্রে ওগমোর নদীতে ফেলে দিয়েছিলেন। নদীর স্রোতে ভেসে এসে জুতোগুলি নদীর মোহনায় জমা হয় এবং ওগমোর সমুদ্রসৈকত লাগোয়া হওয়ায় সেখানেই দীর্ঘদিন ধরে সেগুলি পড়ে ছিল বলে মনে করা হচ্ছে।
তবে এই দুই ব্যাখ্যাই আপাতত অনুমানমাত্র। নির্ভরযোগ্য কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। ফলে জুতোর এই রহস্যের প্রকৃত উৎস আজও অজানাই রয়ে গেছে।
এদিকে বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই অদ্ভুত ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
আরটিভি/এসকে