images

ফিচার

বিশ্বের সবচেয়ে লম্বা বুনো সাপ ‘দ্য ব্যারোনেস’

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৯ পিএম

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে লম্বা প্রমাণিত বুনো সাপ। নাম তার ইবু ব্যারোন, যার অর্থ ‘দ্য ব্যারোনেস’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়া এই সাপটি একটি রেটিকুলেটেড পাইথন।

২০২৫ সালের শেষদিকে দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলে সাপটিকে খুঁজে পাওয়া যায়। পরে অভিযাত্রী ও প্রকৃতিবিষয়ক আলোকচিত্রী রাডু ফ্রেনতিউ এবং বন্যপ্রাণী গাইড দিয়াজ নুগরাহা সাপটির দৈর্ঘ্য ও ওজন পরিমাপ করেন। ১৮ জানুয়ারি নেওয়া পরিমাপে দেখা যায়, ইবু ব্যারোনের দৈর্ঘ্য ২৩ ফুট ৮ ইঞ্চি এবং ওজন ২১৩ পাউন্ড (খালি পেটে)।

ফ্রেনতিউ জানান, সাপটিকে অচেতন না করেই মাপা হয়েছে। অ্যানেস্থেশিয়ায় পেশি শিথিল হলে দৈর্ঘ্য আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেটিকুলেটেড পাইথন সাধারণত ১০ থেকে ১৯ ফুট পর্যন্ত লম্বা হয়। ইতিহাসে আরও বড় সাপের দাবি থাকলেও, সেগুলোর বেশিরভাগই যাচাইযোগ্য নয়। অনেক ক্ষেত্রে সাপগুলো ধরা পড়ার পর মেরে ফেলা হয় বা হারিয়ে যায়। সে তুলনায় ইবু ব্যারোনের বেঁচে থাকা এক বিরল ঘটনা।

স্থানীয় সংরক্ষণকর্মী বুদি পুরওয়ান্তো সাপটিকে বিক্রি বা হত্যার হাত থেকে রক্ষা করে নিজের তত্ত্বাবধানে নেন। বর্তমানে তার আশ্রয়কেন্দ্রে ইবু ব্যারোনসহ আরও কয়েকটি উদ্ধার করা সাপ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাকে আবার বনে ছেড়ে দিলে মানব বসতিতে ঢুকে পড়ার ঝুঁকি ছিল, যা সাপটির জন্য প্রাণঘাতী হতে পারত।

ছবি: সংগৃহীত

বন উজাড় ও শিকার প্রাণী কমে যাওয়ায় ইন্দোনেশিয়ায় বড় সাপ ও মানুষের সংঘাত বাড়ছে। যদিও এরা বিষধর নয়, তবে আকার ও শক্তির কারণে ভয় থেকে মানুষ অনেক সময় সাপগুলো হত্যা করে।

সংরক্ষণকর্মীদের আশা, ইবু ব্যারোনকে জীবিত রেখে এবং গিনেস স্বীকৃতির মাধ্যমে মানুষকে বোঝানো যাবে এই বিশাল সাপগুলো মৃত নয়, জীবিত অবস্থাতেই বেশি মূল্যবান। এতে ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিশেষায়িত পর্যটনের নতুন সুযোগ তৈরি হতে পারে।

ফ্রেনতিউ বলেন, এটাই যে বিশ্বের সবচেয়ে বড় সাপ তা আমি দাবি করি না। হয়ত আরও বড় সাপ কোথাও আছে। তবে ইবু ব্যারোন প্রমাণ করে, পৃথিবীতে এখনও অনেক বিস্ময় অপেক্ষা করে আছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে