বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:৩৬ পিএম
সাধারণভাবে মাছ মানেই পানিতে সাঁতার কাটা প্রাণী। কিন্তু সমুদ্রের গভীরে এমন এক প্রজাতি রয়েছে, যারা সাঁতারের চেয়ে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এরা হলো ফ্রগফিশ।
লোফিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত ফ্রগফিশ পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় সমুদ্রজুড়ে দেখা যায়। প্রায় ৫০টির মতো প্রজাতি পাওয়া যায় এই দলের। প্রবালপ্রাচীর ও পাথুরে সমুদ্রতল তাদের প্রিয় আবাসস্থল, যেখানে তারা সহজেই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে।

ফ্রগফিশের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো তাদের চলাফেরা। তারা বুকের (পেক্টোরাল) এবং পেটের (পেলভিক) পাখনা ব্যবহার করে সমুদ্রের তলদেশে “হেঁটে” বেড়ায়। এই পাখনাগুলো শক্তিশালী পেশিবহুল এবং অনেকটা হাত-পায়ের মতো কাজ করে। কখনো তারা সাধারণ হাঁটার মতো চলে, আবার কখনো “ক্রাচিং” ভঙ্গিতে শরীরের ভার সামলে এগোয়।
যখন দ্রুত পালানোর প্রয়োজন হয়, তখন তারা মুখ দিয়ে পানি টেনে নিয়ে পাখনার পেছনের গিল ছিদ্র দিয়ে জোরে বের করে “জেট প্রপালশন” ব্যবহার করে দ্রুত সরে যায়।

ফ্রগফিশ মূলত অ্যাম্বুশ শিকারি। তারা শিকারকে তাড়া করে না, বরং ছদ্মবেশে স্থির থেকে শিকার কাছে আসার অপেক্ষা করে। এদের শরীরের রঙ ও গঠন আশপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে সহজে চোখে পড়ে না।
শিকার ধরতে ফ্রগফিশ ব্যবহার করে একটি বিশেষ অঙ্গ ইল্লিসিয়াম, যা মাছ ধরার ছিপের মতো কাজ করে। এর মাথায় থাকা এসকা নামের অংশটি কেঁচো বা চিংড়ির মতো দেখতে টোপের কাজ করে। শিকার এই টোপকে খাবার ভেবে কাছে এলেই ফ্রগফিশ মাত্র কয়েক মিলিসেকেন্ডে আক্রমণ করে শিকার গিলে ফেলে।

এদের পেট অত্যন্ত প্রসারিত হতে পারে, ফলে নিজেদের সমান বা তার চেয়েও বড় শিকারও সহজে গিলে ফেলতে সক্ষম। ফ্রগফিশের এই অদ্ভুত চলাফেরা, ছদ্মবেশ ও শিকার ধরার কৌশল তাদের সমুদ্রজগতের অন্যতম বিস্ময়কর প্রাণীতে পরিণত করেছে।
আরটিভি/এসকে