সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:৪৯ এএম
পাকিস্তানের খাইবার পাস অঞ্চলের লান্ডি কোটালে একটি গাছ আজও মোটা লোহার শিকলে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘গ্রেপ্তার হওয়া গাছ’ নামে। প্রায় ১২৭ বছর ধরে শিকলে আবদ্ধ থাকা এই গাছটি এখন শুধু একটি অদ্ভুত ঘটনার স্মারক নয়, বরং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবেও আলোচিত।
জনশ্রুতি অনুযায়ী, ঘটনাটির সূত্রপাত ব্রিটিশ শাসনামলে। ১৮৯৮ বা ১৮৯৯ সালের দিকে জেমস স্কুইড নামে এক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। কথিত আছে, তিনি মনে করেন কাছের একটি গাছ নাকি তার দিকে এগিয়ে আসছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি গাছটিকে ‘গ্রেপ্তার’ করার নির্দেশ দেন। সৈন্যরা আদেশ মেনে গাছটিকে লোহার শিকলে বেঁধে রাখে।

এরপর থেকে সেই শিকল আর খোলা হয়নি। গাছটির সামনে আজও একটি সাইনবোর্ড রয়েছে, যেখানে এই ঘটনার গল্প তুলে ধরা হয়েছে।
যদিও ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন, সময়ের সঙ্গে লোককাহিনিতে ঘটনাটি কিছুটা অতিরঞ্জিত হয়েছে, তবে শেকলে বাঁধা গাছটি বাস্তব এবং বহু বছর ধরে সেটি স্থানীয়দের কাছে এক কৌতূহলের বিষয় হয়ে আছে।
পর্যটকদের কাছে এটি এখন লান্ডি কোটালের অন্যতম আকর্ষণ। একই সঙ্গে অনেক স্থানীয় মানুষের চোখে এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার ক্ষমতার অপব্যবহার ও পরাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত।
আরটিভি/এসকে