images

ফিচার

বিড়ালের মতো মিউ মিউ করল গাঙচিল, অতঃপর...

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১২:১৯ পিএম

তুরস্কে গাঙচিলের এক অদ্ভুত ও চমকপ্রদ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কিছু গাঙচিল বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং পরে সেই সুযোগে বিড়ালের খাবার সংগ্রহ করছে।

স্থানীয় সূত্র ও ভাইরাল ভিডিও অনুযায়ী, তুরস্কের রাস্তায় পথবিড়াল ও বুনো বিড়ালের জন্য স্বয়ংক্রিয় খাবার বিতরণ যন্ত্র (ভেন্ডিং মেশিন) বসানো রয়েছে। এসব মেশিনে টাকা দেওয়া বা কখনো প্লাস্টিক বোতলসহ পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ফেলার মাধ্যমে বিড়ালের খাবার বের হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাঙচিল ওই মেশিনের আশপাশে ঘোরাঘুরি করছে। এর মধ্যে একটি গাঙচিল হুবহু বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করছে। স্থানীয়দের ধারণা, পাখিগুলো মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে বিড়ালের উপস্থিতির ধারণা তৈরি করে এবং সেই সুযোগে খাবার পাওয়ার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ঘটনাটিকে হাস্যকর ও অবাক করা বলে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে গাঙচিলের “অতিরিক্ত বুদ্ধিমত্তা” বলেও উল্লেখ করেছেন।

আরও পড়ুন
MAGUR-FISH

কাঁদার মধ্যে যেভাবে বেঁচে থাকে মাগুর মাছ

পাখিবিদদের মতে, গাঙচিলের আচরণ নতুন নয়। তারা সুযোগসন্ধানী ও পরিবেশ অনুযায়ী দ্রুত শিখে খাবার সংগ্রহ করতে সক্ষম। আগে বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে, গাঙচিল নানা ধরনের ডাক ও কৌশল ব্যবহার করে যোগাযোগ ও খাদ্য সংগ্রহ করতে পারে। তবে বিড়ালের ডাক নকল করে খাবার পাওয়ার এই আচরণ তুলনামূলকভাবে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি গাঙচিলের অভিযোজন ক্ষমতা ও পরিবেশ থেকে শেখার সক্ষমতারই আরেকটি উদাহরণ, যেখানে তারা মানুষের তৈরি ব্যবস্থাকেও নিজেদের সুবিধায় ব্যবহার করতে শিখছে।

আরটিভি/এসকে