images

ফিচার

৬০ বছর পর ফিরে এল হারিয়ে যাওয়া ধূসর পাখি হর্নবিল

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:২২ এএম

প্রায় ছয় দশক পর ভারতের গুজরাটের গির অরণ্যে আবারও দেখা মিলেছে হারিয়ে যাওয়া ইন্ডিয়ান গ্রে হর্নবিলের (ধূসর হর্নবিল)। ভারতের বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দীর্ঘ প্রচেষ্টার ফলে এই বিরল পাখি আবারও জঙ্গলে স্বাভাবিকভাবে বিচরণ করছে এবং বংশবৃদ্ধিও শুরু করেছে।

দেশটির বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৯৬০-এর দশকে গির অরণ্যে সর্বশেষ এই পাখির দেখা পাওয়া গিয়েছিল। এরপর দীর্ঘ ৬০ বছর ধরে ধূসর হর্নবিল সম্পূর্ণভাবে অদৃশ্য ছিল। স্থানীয়দের কাছে 'চিলোত্রো' নামে পরিচিত এই পাখির হারিয়ে যাওয়া গিরের জীববৈচিত্র্যের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছিল।

পরিস্থিতি বদলাতে ২০২১ সালে বন বিভাগ ইন্ডিয়ান গ্রে হর্নবিল প্রোজেক্ট চালু করে। প্রকল্পের আওতায় ২০২১ ও ২০২২ সালে আরাবল্লী অরণ্য থেকে এনে মোট ২৮টি গ্রে হর্নবিল গিরে অবমুক্ত করা হয়। পরে ২০২৩ সালে আরও ১২টি পাখি ছাড়া হয়।

এরপর শুরু হয় নিবিড় পর্যবেক্ষণ। নতুন পরিবেশে পাখিগুলো মানিয়ে নিতে পারছে কি না, স্বাভাবিকভাবে উড়ে বেড়াচ্ছে কি না এবং প্রজনন করছে কি না এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষণে ইতিবাচক ফল মিলেছে। গির অরণ্যের পরিবেশের সঙ্গে ধূসর হর্নবিল সফলভাবে মানিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা ডিম পাড়ছে এবং নতুন প্রজন্মের জন্মও দিচ্ছে।

আরও পড়ুন
sea--house

সমুদ্রের তলদেশে চালু হলো মানুষের প্রথম আধুনিক বাসস্থান

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য গির অরণ্যের জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় ৬০ বছর পর হারিয়ে যাওয়া এই ধূসর পাখির প্রত্যাবর্তন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সংরক্ষণ উদ্যোগ গ্রহণ করলে বিলুপ্তপ্রায় প্রাণীকেও তাদের প্রাকৃতিক আবাসে ফিরিয়ে আনা সম্ভব।


আরটিভি/এসকে