মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:৩৫ এএম
একা ভ্রমণ বা সলো ট্রাভেল এখন বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। স্বাধীনভাবে নতুন জায়গা ঘুরে দেখা, নিজের মতো করে সময় কাটানো এবং ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকায় অনেকেই বেছে নিচ্ছেন একক ভ্রমণ। অনলাইন ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ট্রাভেল+লিজার প্রকাশিত বিশ্বের সেরা ২৫টি সলো ট্রাভেল গন্তব্যের তালিকায় স্থান পেয়েছে এশিয়ার তিনটি দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম ও জাপান।

থাইল্যান্ড: সলো ট্রাভেলারদের অন্যতম সেরা গন্তব্য
তালিকায় শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড। নিরাপত্তা, সাশ্রয়ী ব্যয় এবং সহজ যোগাযোগব্যবস্থার কারণে দেশটি একক ভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ব্যাংককের প্রাণবন্ত স্ট্রিট ফুড, জমজমাট নাইট লাইফ এবং আরামদায়ক স্পা সেন্টার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত থাই নববর্ষের ‘সংক্রান’ জল উৎসব দেশি-বিদেশি পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে। এছাড়া ফুকেট, ক্রাবি ও ফি ফি দ্বীপের নীল সমুদ্র, ট্রপিক্যাল সৈকত এবং লং-টেইল বোট ভ্রমণ সলো ট্রাভেলারদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।

ভিয়েতনাম: অ্যাডভেঞ্চার ও খাবারের অনন্য সমন্বয়
তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম। প্রকৃতি, ইতিহাস এবং বৈচিত্র্যময় খাবারের জন্য দেশটি একা ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্য।
হা লং বে ও বাই তু লং বে-তে ক্রুজ ভ্রমণ, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা শোন ডং-এর গাইডেড ট্যুর এবং হ্যানয়ের হোয়ান কিয়েম হ্রদ ভ্রমণ পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। ইতিহাসপ্রেমীরা ঘুরে দেখতে পারেন হো চি মিন সিটির কু চি টানেল ও যুদ্ধ জাদুঘর।
অন্যদিকে, হোই আন শহরের থু বোন নদীতে পূর্ণিমার রাতে ভাসমান রঙিন লণ্ঠনের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। পাশাপাশি বেন থান মার্কেটের ঐতিহ্যবাহী ‘বাং সেও’, ‘ফো’সহ স্থানীয় খাবারের স্বাদও সলো ট্রাভেলারদের ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়।

জাপান: নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণের ঠিকানা
তালিকার ১৫তম স্থানে রয়েছে জাপান। নিরাপদ পরিবেশ, আধুনিক যোগাযোগব্যবস্থা এবং সমৃদ্ধ সংস্কৃতির কারণে দেশটি একক ভ্রমণকারীদের জন্য আদর্শ গন্তব্য হিসেবে বিবেচিত।
রাজধানী টোকিওর গিনজা শপিং এলাকা, টোকিও স্কাইট্রি, ঐতিহাসিক সেনসো-জি মন্দির এবং ঐতিহ্যবাহী উদ্যান পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া জনপ্রিয় রামেন রেস্টুরেন্টে জাপানের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়াও ভ্রমণের অন্যতম আকর্ষণ।
টোকিও থেকে বুলেট ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় ঐতিহ্যবাহী শহর কিয়োটোতে। সেখানে শান্ত মন্দির, চা-চক্র এবং বসন্তকালে চেরি ব্লসমের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমান।
ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা, সহজ যাতায়াত, সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার কারণে থাইল্যান্ড, ভিয়েতনাম ও জাপান একক ভ্রমণকারীদের জন্য এশিয়ার সেরা গন্তব্যগুলোর মধ্যে অন্যতম।
আরটিভি/এসকে