শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৯:৫৬ পিএম
বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ট্রেভর ইসলাম। ইতোমধ্যে ২১ বছর বয়সি ফুটবলারের জন্মনিবন্ধন শেষ হয়েছে। এখন চলছে পাসপোর্ট তৈরির কাজ।
জামাল ভূঁইয়া, তারেক কাজী, হামজা চৌধুরী, শমিত সোমদের পথ ধরে জাতীয় ফুটবল দলে যুক্ত হচ্ছেন আরেক প্রবাসী ফুটবলার ট্রেভর ইসলাম। গত বছরের ডিসেম্বর থেকে ট্রেভরের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়। ট্রেভরের আগমনের খবর মূলত শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। একইদিন বিসিবি সভাপতি তামিম ইকবালের আমন্ত্রণে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে জানালেন বিস্তারিত।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রেভরের সম্পর্কে ফাহাদ বলেন, তিনি (ট্রেভর) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন... তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, ভালো ছাত্রও। এটা বিরল ব্যাপার।
তিনি আরও জানান, ট্রেভর নিজেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে অত্যন্ত আগ্রহী। তার ভাষায়, তিনি ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের হয়ে খেলার জন্য এবং অনুরোধ করেন যে ফুটবল ফেডারেশন তাকে তার পুরো ডকুমেন্টেশনে সাহায্য করতে পারবে কি না।
ট্রেভরের খেলার মান সম্পর্কে বাফুফের টেকনিক্যাল কমিটির মতামতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টেও আলাপ করেছি, তারা বিশ্বাস করে তার (ট্রেভরের) অন্তর্ভুক্তি বাংলাদেশের ফরোয়ার্ডে লাইনে একটা অত্যন্ত শক্ত কন্ট্রিবিউশন করবে।
যদিও একাডেমিক চাপের কারণে ট্রেভরের ২০২৬ সালের সাফে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবুও বাফুফে কাজ থামিয়ে রাখেনি। ফাহাদ করিম নিশ্চিত করেছেন, আমরা এক মাসের মধ্যে তার পাসপোর্টের কাজ শেষ করব৷ যখনই সে আসতে প্রস্তুত হবে, আমরা তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।
ট্রেভরের বর্তমান ফর্ম নিয়ে বাফুফে আশাবাদী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কলেজ লিগ এনসিএএ-তে খেলছেন। এ বিষয়ে ফাহাদ করিমের বক্তব্য, তিনি খেলার ভেতরে আছেন, এটা ভালো বিষয়। খেলার সঙ্গেই আছেন।
আরটিভি/এমআই