মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:২৪ পিএম
পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির এমন এক দিন, যেটা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। তবুও এ সময়ে এসে মনে হচ্ছে, এই দিনটাকে নতুন করে বোঝার দরকার আছে। কারণ বদলটা চোখে পড়ার মতো, আর সেটা শুধু পোশাক বা আয়োজনের নয় বরং অনুভূতিরও।
কিছু বছর আগেও বৈশাখ মানেই ছিল ভোরবেলা ঘুম ভাঙার আগে থেকেই এক ধরনের উত্তেজনা। চারুকলার মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে গান, রাস্তাজুড়ে মানুষের ভিড়; সব মিলিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি। এখনো সেই চিত্র পুরোপুরি হারায়নি, কিন্তু এর ভেতরে ঢুকে গেছে আরেকটা স্তর আর তা হলো স্মার্টফোনের ক্যামেরা, লাইভ ভিডিও, আর ‘স্টোরি’ দেওয়ার তাড়া।
এটা কি খারাপ? এক কথায় বললে, না। কারণ, প্রযুক্তি আমাদের উদযাপনকে আরও ছড়িয়ে দিয়েছে। দূরের মানুষ কাছের হয়ে গেছে। যারা ভিড়ের মধ্যে যেতে পারে না, তারাও এখন বৈশাখের অংশ হতে পারছে। কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্নও সামনে আসে আমরা কি উদযাপনটা করছি, নাকি সেটাকে দেখানোর জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ছি?
একদিকে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা যেমন: লাল-সাদা, পান্তা-ইলিশ, লোকগান। অন্যদিকে এই সবকিছুকে একটু ‘পারফরম্যান্স’ বানিয়ে ফেলার প্রবণতা। যেন উৎসবটা নিজের জন্য না, বরং অন্যেকে দেখানোর জন্য। এর পেছনে শুধু প্রযুক্তি দায়ী নয়, বরং আমাদের সময়টাই এমন।
করোনা মহামারির সময় আমরা ঘরে বসে বৈশাখ কাটিয়েছি। তখন বুঝেছি, ভিড় না থাকলেও উৎসব হতে পারে। কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের উদযাপনের ধরন পাল্টে দিয়েছে। এখন আমরা একই সঙ্গে বাইরে থাকতে চাই, আবার অনলাইনে সেটাকে ধরে রাখতেও চাই।
তবু একটা জায়গায় এসে মনে হয়, আমরা একটু ক্লান্ত। সবকিছু এত পরিকল্পিত, এত সাজানো যে হঠাৎ করে ঘটে যাওয়া আনন্দগুলো কমে যাচ্ছে। যেমন আগে বৈশাখে বের হয়ে হঠাৎ কারও সঙ্গে দেখা হয়ে যেত, হঠাৎ কোথাও বসে আড্ডা জমে উঠত। কিন্তু এখন আমরা আগে থেকেই ঠিক করে ফেলি কোথায় যাব, কী ছবি তুলব, কী ক্যাপশন দেব। এটা হয়তো সময়ের সঙ্গে উপযুক্ত।
বর্তমান সময়ে এসে পহেলা বৈশাখ আমার কাছে শুধু আনন্দের দিন না, বরং ভাবারও বিষয়। আমরা কী হারাচ্ছি, কী পাচ্ছি সেটা নিয়ে ভাবার সময়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু অনুভূতিগুলোকে একটু কৃত্রিমও করে তুলছে।
তবুও একটা আশার জায়গা আছে। কারণ যত পরিবর্তনই আসুক, মানুষ শেষ পর্যন্ত সত্যিকারের আনন্দটাই খোঁজে। হয়তো আমরা আবার শিখে যাব যে কিছু মুহূর্ত ক্যামেরায় না ধরে, শুধু নিজের মধ্যে রেখে দিতে হয়।
সবশেষ বলব পহেলা বৈশাখ একটা দিনের নাম নয়। এটা আমাদের ভেতরের সেই ইচ্ছে, যেখানে নতুন করে কিছু শুরু করতে চায়। আর যতদিন সেই ইচ্ছে থাকবে, ততদিন বৈশাখও তার নিজস্ব উষ্ণতা হারাবে না যতই সময় বদলাক না কেন।
লেখক: গণমাধ্যমকর্মী
আরটিভি/এসআর