images

আন্তর্জাতিক

রেললাইনে পড়েছিল লাল পুঁটলি, খুলতেই আঁতকে উঠলেন লোকজন

বুধবার, ২৭ আগস্ট ২০২৫ , ০৩:৫৬ পিএম

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন রেললাইনের ধারে লাল কাপড়ে জড়ানো একটি পুঁটলি ঘিরে দেখা গেল ভনভন করছে মাছি। বুধবার (২৭ আগস্ট) সকালে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা পুঁটলির বাঁধন খুলতেই আঁতকে ওঠেন। ভেতর থেকে উদ্ধার হয় এক সদ্যোজাত পুত্র শিশুর মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

চিকিৎসালয় ও একাধিক নার্সিংহোম ঘেরা এলাকায় এভাবে শিশুর দেহ পড়ে থাকার ঘটনায় নানা প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা অভিরাম সূত্রধর জানান, আমি রেললাইন ধরে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি লাল পুঁটলি পড়ে আছে। আশপাশের লোকজনকে ডেকে খোলা হলে দেখা যায় শিশুর মৃতদেহ।

আরেক বাসিন্দা দুর্গা পাল বলেন, দেখে মনে হচ্ছে শিশুটি মারা যাওয়ার পর ফেলে দেওয়া হয়েছে। তবে এভাবে দেহ ফেলে যাওয়া সত্যিই মর্মান্তিক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। রেল পুলিশের কর্মকর্তা সুশীল কুমার দাস জানান, আমরা এসে শিশুপুত্রের দেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও নার্সিংহোম থেকে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কে বা কারা এই নৃশংস কাজ করেছে, তা জানার চেষ্টা চলছে।

আরটিভি/এসকে