মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ০১:০১ পিএম
চীনের সিচুয়ান প্রদেশে একটি পর্বতারোহী ছবি তুলতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হং নামের ওই তরুণ ২৫ সেপ্টেম্বর ৫,৫৮৮ মিটার (১৮,৩৩২ ফুট) উচ্চতার মাউন্ট নামা পাহাড়ে হাইকিংয়ে অংশ নেন।খবর এনডিটিভি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছবি তুলতে গিয়ে হং নিজের নিরাপত্তা দড়ি খুলে ফেলেন এবং হাতে বরফ কাটার আইস অ্যাক্সও ছিলেন না। সেই সময় তিনি ভারসাম্য হারিয়ে প্রায় ২০০ মিটার নিচে বরফের ঢালে পড়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হং দড়ি ছাড়া বরফের ঢালে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ হোঁচট খেয়ে তিনি নিচে গড়িয়ে যান। সঙ্গীরা জানিয়েছেন, দড়ি খোলার পর দাঁড়াতে গিয়ে তার ক্র্যাম্পনে (বরফে ব্যবহৃত লোহার জুতা) পা আটকে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।
কাংডিং মিউনিসিপ্যাল শিক্ষা ও ক্রীড়া ব্যুরোর কর্মকর্তারা জানান, হং ও তার দল কর্তৃপক্ষকে কোনো আরোহন পরিকল্পনা জানাননি এবং অনুমতিও নেননি। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
আরটিভি/এসকে