images

আন্তর্জাতিক / ইউরোপ

নোবেল না পেলে ট্রাম্প যেকোনো কিছু করতে পারেন, আতঙ্কে নরওয়ে

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ১১:১৫ পিএম

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম কাল শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করবে নোবেল কমিটি। এই পুরস্কারের জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন পুরস্কারটি তার পাওয়া উচিত। তবে ট্রাম্প যদি বিজয়ী না হন, তাহলে তিনি কী প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে নরওয়েতে উদ্বেগ দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। 

নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র ট্রাম্পের যেকোনো ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় সতর্ক করেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাকস্বাধীনতার ওপর হামলা করছেন, সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রকাশ্যে রাস্তায় নামিয়ে মানুষকে কিডন্যাপ করছেন এবং আদালত ও ইনস্টিটিউটের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। যখন মার্কিন প্রেসিডেন্ট এমন উগ্র ও একনায়ক, আমাদের অবশ্যই যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন
nobel

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই

এ সময় তিনি আরও বলেন, নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা এবং বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে তিনি সংশয় প্রকাশ করেন যে ট্রাম্প এই বিষয়টি জানেন কি না।

এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কমিটি গত সোমবারই বিজয়ী নির্ধারণ করে ফেলেছে। এই সিদ্ধান্ত হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের অনেক আগে নেওয়া হয়েছিল। ফলে সেই যুদ্ধ বন্ধের বিষয়টি পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়নি। একাধিক বিশ্লেষকও মনে করছেন, ট্রাম্পের এই যুদ্ধ বন্ধের কারণে নোবেল পুরস্কার জেতার কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে, ট্রাম্প গত কয়েকদিন ধরে দাবি করছেন যে তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তারই নোবেল পাওয়া উচিত। পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে বলেও জানা গেছে।

আরটিভি/এআর/এস