images

আন্তর্জাতিক / ইউরোপ

নজিরবিহীন সংকটে ফ্রান্স, একা হয়ে পড়ছেন ম্যাক্রোঁ

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ০৬:১২ পিএম

একসময় প্রেম, শিল্প ও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিস আজ অনিশ্চয়তা আর উত্তেজনার কেন্দ্রে। দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের বাইরে প্রতিবাদকারীরা ভিড় জমাচ্ছেন এবং রাস্তায় রাস্তায় ভেসে আসছে স্লোগান। এই সবকিছুর মূলে রয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি বর্তমানে এক নজিরবিহীন রাজনৈতিক সংকটের সম্মুখীন।

ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদন অনুসারে, মাত্র এক বছরের মধ্যেই চারজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সংসদে তীব্র বিভাজনের কারণে দেশের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগের যেকোনো সময়ের তুলনায় অনেকটাই একঘরে হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

আরও পড়ুন
Web-Image---Copy

পাকিস্তান ও আফগানিস্তান কী যুদ্ধে জড়াচ্ছে?

প্রেসিডেন্ট জাতীয় সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই ফলাফল আরও অস্থিরতা ডেকে এনেছে। নতুন সংসদ আগের চেয়েও বেশি বিভক্ত, আর জনগণের আস্থাও ভেঙে পড়েছে কাচের মতো। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার অশুভ চক্র বলে অভিহিত করছেন।

সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপসহ প্রভাবশালী অনেকেই এখন স্পষ্ট করে বলছেন যে, এই সংকটের সমাধান কেবল ম্যাক্রোঁর পদত্যাগেই সম্ভব। তবে ৪৭ বছর বয়সী প্রেসিডেন্ট এখনও অনড়। তিনি মনে করেন, সরে দাঁড়ালে তা হবে পরাজয় স্বীকারের সমান। বরং তিনি আবারো সংসদ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন।

বাস্তবতা হলো, ম্যাক্রোঁ এখন ক্রমেই একা হয়ে পড়ছেন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর উত্থান এবং সংসদে চরম বিভক্তির মাঝে তিনি হয়ে উঠছেন একা এক যোদ্ধা। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেনশিয়াল শাসনব্যবস্থা হয়তো আর কার্যকর নয় এবং দেশটির গণতন্ত্র আজ প্রাতিষ্ঠানিক ভাঙনের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

আরটিভি/এআর