images

আন্তর্জাতিক

গাজায় ধরা পড়ল ইসরায়েলি উপকূলে ঘুরে বেড়ানো বিরল তিমি-হাঙর

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১০:২২ পিএম

ইসরায়েলি উপকূলের অগভীর পানিতে সম্প্রতি দেখা গিয়েছিল এক বিরল তিমি-হাঙর। বিশাল আকৃতির এ সামুদ্রিক প্রাণীটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ দেখা দিলেও, পরে সেটি আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, একই তিমি হাঙর গাজার উপকূলে গিয়ে ফিলিস্তিনিদের হাতে ধরা পড়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার সমুদ্রসৈকতে শত শত মানুষ একত্রিত হয়ে একটি বিশাল হাঙরের চারপাশে ভিড় করছে। কেউ ভিডিও করছেন, কেউবা হাঙরটিকে কাছ থেকে দেখার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দড়ি দিয়ে হাঙরটিকে টেনে তীরে তুলছেন। মানুষের ঠাসাঠাসিতে কাজটি বেশ কষ্টসাধ্য হলেও, হাঙরটি ওঠানোর সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে গাজায় ধরা পড়া তিমি হাঙরটি সম্ভবত সেই একই হাঙর, যেটিকে সম্প্রতি ইসরায়েলি উপকূলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তবে হাঙরটি সমুদ্র থেকে ভেসে এসেছে নাকি স্থানীয় জেলেরা শিকার করেছে তা এখনো নিশ্চিত নয়।

বিশ্বের বৃহত্তম মাছ হিসেবে পরিচিত তিমি হাঙর (বৈজ্ঞানিক নাম Rhincodon typus) বর্তমানে এক বিপন্ন প্রজাতি। সামুদ্রিক বাস্তুসংস্থানে এ প্রজাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর অবদান অপরিসীম।

বিপন্নতার কারণে বিশ্বের বহু দেশে তিমি হাঙর শিকার ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ীও এই প্রজাতিটি তফসিল-১ তালিকাভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী।

বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রাণীর মৃত্যু সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। 

আরটিভি/এসকে