images

আন্তর্জাতিক / ভারত

রেকর্ডসংখ্যক ভারতীয়দের বের করে দিচ্ছে কানাডা, যা জানা গেল

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ১১:১৩ পিএম

কানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কানাডা সরকারের অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি এবং বিদেশি অপরাধীদের দমনে কঠোর পদক্ষেপের কারণেই এই প্রত্যাবর্তন হার বেড়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে ১ হাজার ৮৯১ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। যেখানে গত পুরো ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৯৯৭ জন এবং ২০১৯ সালে ছিল মাত্র ৬২৫ জন। প্রত্যাবর্তনের এই হার কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে।

ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে মেক্সিকানদের পরেই ভারতীয়রা দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক। জুলাই মাস পর্যন্ত মেক্সিকান ফেরত পাঠানো হয়েছে ২ হাজার ৬৭৮ জনকে।

আরও পড়ুন
5

ডিভি লটারির আপডেট, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবে?

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি টরন্টোতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার সরকার বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শক্তিশালী করছে। তিনি বলেন, আমরা অভিবাসনব্যবস্থায় একাধিক সংস্কার আনছি। অপরাধী বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর ও নজরদারিমূলক করতে কাজ চলছে।

কার্নির এই মন্তব্য এমন সময়ে এলো, যখন কানাডায় অভিবাসনবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। গত ১০ অক্টোবর পিল রিজিয়নাল পুলিশ (পিআরপি) জানায়, তারা প্রথমবারের মতো বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।

এই কঠোর পদক্ষেপের একটি কারণ হলো মেইল (ডাক চিঠি) চুরির অভিযোগে আট ভারতীয় নাগরিকের গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে ৪৫০টি মেইল চুরির অভিযোগ আনা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কানাডীয় ডলার।

সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ভারতীয়দের সংখ্যা সর্বোচ্চ—প্রায় ৬ হাজার ৮৩৭ জন। এরপর রয়েছে মেক্সিকোর ৫ হাজার ১৭০ জন এবং যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭৩৪ নাগরিক।

মোট ৩০ হাজার ৭৩৩ জনের ফেরতপ্রক্রিয়া চলছে, যার মধ্যে প্রায় ২৭ হাজারই আশ্রয়প্রার্থী। আশ্রয়প্রার্থীদের মধ্যেও ভারতীয় নাগরিকেরাই সংখ্যাগরিষ্ঠ। ধারণা করা হচ্ছে, অভিবাসননীতিতে কঠোরতা ও রাজনৈতিকভাবে সংবেদনশীল 'বিদেশি অপরাধী' ইস্যু এখন কানাডা সরকারের নতুন অগ্রাধিকার হয়ে উঠেছে।

আরটিভি/এআর