images

আন্তর্জাতিক / আফ্রিকা

টিকটকে চুম্বন দৃশ্য, ২ ইনফ্লুয়েন্সারকে বিয়ের নির্দেশ আদালতের

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ১০:২৩ এএম

টিকটক প্ল্যাটফর্মে আবেগপূর্ণ চুম্বনের ভিডিও পোস্ট করার দায়ে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সামাজিক রক্ষণশীল রাজ্য কানোর একটি আদালত দুই টিকটক সেলিব্রিটিকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এএফপি এই তথ্য জানিয়েছেন।

সোমবার একটি ম্যাজিস্ট্রেট আদালত হিসবাহ নামে পরিচিত কানোর শরিয়া পুলিশকে নির্দেশনা দেন, ৬০ দিনের মধ্যে ‘অশালীন’ কনটেন্ট পোস্ট করা এই দুই ইনফ্লুয়েন্সারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে।

কানো রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা-জিবো ইব্রাহিম এএফপিকে বলেন, ম্যাজিস্ট্রেট আদালত হিসবাহকে ওই পুরুষ এবং মহিলাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার আদেশ দিয়েছেন, কারণ তারা এতটাই গভীরভাবে প্রেমে মগ্ন যে টিকটকে প্রকাশ্যে রোমান্টিক দৃশ্য প্রদর্শন করেছেন।

আরও পড়ুন
1

আইসল্যান্ডে প্রথমবারের মতো পাওয়া গেল মশা!

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রধানত মুসলিম অধ্যুষিত এক ডজন রাজ্যের মধ্যে কানো অন্যতম, যেখানে সাধারণ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে।

ইদ্রিস মাই উশিরিয়া ও বাসিরা ইয়ার গুদা-এর ঘনিষ্ঠতা ও চুম্বনের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে কানোর বাসিন্দাদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। মাই উশিরিয়া, তার ভিডিওর কারণে এর আগেও কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় পড়েছেন এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছিল।

হিসবাহর মহাপরিচালক আব্বা সুফি এএফপিকে নিশ্চিত করেছেন যে তারা আদালতের আদেশ পেয়েছেন এবং বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, যদিও আদালত ৬০ দিনের মধ্যে বিবাহ সম্পন্ন করার কথা বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

সুফি আরও জানান, মাই উশিরিয়ার মা-বাবাকে তলব করা হয়েছিল এবং তারা বিয়ের জন্য ‘স্পষ্ট সম্মতি’ দিয়েছেন। এছাড়া, রাজ্য সরকার হবু দম্পতির জন্য একটি বাড়ি কিনে দেওয়ার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, কানো শহর নাইজেরিয়ার স্থানীয় চলচ্চিত্র শিল্প ‘কানিউড’-এর কেন্দ্র। এই শিল্প দীর্ঘদিন ধরে মুসলিম ধর্মগুরু এবং সরকারি কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট পোস্টের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন টিকটকারকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরটিভি/এআর