images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের শঙ্কা

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৭:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের লিঙ্কন এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আরোহী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের চূড়ান্ত তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) সকালে কেআরটিভি ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক (এমটিএন) এই দুর্ঘটনার খবর জানায়। লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টি শেরিফ লিও ডাটন বলেছেন, দুর্ঘটনাটি লিঙ্কন বিমানবন্দরে ঘটেছে বলে মনে হচ্ছে।

শেরিফ লিও ডাটন এমটিএন নিউজকে পরে নিশ্চিত করেন, লিঙ্কন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে গেছেন বলে মনে হয় না। তিনি জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং লিঙ্কন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন
6e

ইয়েমেনে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের ৭ কর্মী আটক

বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন এবং তাদের পরিচয় কী, তা এখনো শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া বিধ্বস্ত হওয়া বিমানটির ধরনও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। শেরিফ ডাটন উল্লেখ করেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এগোতে হচ্ছে এবং পুরোপুরি সব তথ্য নিশ্চিত হওয়ার পরই তা গণমাধ্যমে সরবরাহ করা হবে।

বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরা তদন্ত পরিচালনা করার জন্য ঘটনাস্থলে রয়েছেন। শেরিফের অফিস মন্টানা পরিবহন বিভাগ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের সাথেও সহযোগিতা করছে। সর্বশেষ খবর অনুযায়ী, জরুরি কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং প্রয়োজনে আরও জনবল তাদের সঙ্গে যোগ দেবে।

আরটিভি/এআর