মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০৯:১৩ এএম
বাংলাদেশি বন্ধুর পরামর্শেই চিরদিনের মতো বদলে গেল এক ভারতীয় প্রবাসীর জীবন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ র্যাফেল ড্র–তে ১.৫ কোটি দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি) জিতে নিয়েছেন ভারতীয় নাগরিক সন্দীপ কুমার প্রসাদ।
সোমবার (৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সন্দীপের ভাগ্যবদলের সূচনা হয়েছিল তার বাংলাদেশি বন্ধু জাহাঙ্গীর আলমের পরামর্শে। জাহাঙ্গীর নিজেও গত মার্চ মাসে একই লটারিতে পুরস্কার জিতেছিলেন।
আবুধাবির বিগ টিকিট স্টুডিওতে বিজয়ের অনুভূতি জানাতে গিয়ে সন্দীপ বলেন, ওই বন্ধুই আমাকে বিগ টিকিট সম্পর্কে জানায়। তার জন্যই আমি চেষ্টা শুরু করি এবং টিকিট কিনি।
উত্তরপ্রদেশের এই তরুণ শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। তিন মাস ধরে ধারাবাহিকভাবে লটারির টিকিট কিনছিলেন তিনি। অবশেষে ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিট তার জীবনে এনে দেয় বিশাল পরিবর্তন।
বিজয়ের খবর ফোনে পাওয়ার পর সন্দীপ প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে সত্যি বুঝতে পেরে তিনি আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমি তিন মাস ধরে টিকিট কিনে যাচ্ছিলাম। এই টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছি।
স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এই প্রবাসী জানান, প্রথম কাজ হবে বাবার চিকিৎসার ব্যবস্থা করা।
দুই ভাই, এক বোন ও স্ত্রীসহ পরিবারের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, বন্ধুর পরামর্শ আর ভাগ্য দুটোই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
আরটিভি/এসকে