images

আন্তর্জাতিক / ধর্ম / আফ্রিকা

মিশরে সহস্রাধিক কোরআনের হাফেজকে সংবর্ধনা

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০২:৩০ পিএম

মিসরের গিজা প্রদেশের আস-সাফ শহরে এক ব্যতিক্রমী ও অনন্য আয়োজনে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয়েছে। এই উৎসবমুখর আয়োজন ঘিরে পুরো এলাকা ধর্মীয় আবেগ ও গর্বের এক মহামিলন কেন্দ্রে পরিণত হয়।

গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজদের বরণ করে নিতে সেখানে তৈরি করা হয় একটি বিশেষ মর্যাদার করিডর। শত শত মানুষ এই করিডরে দাঁড়িয়ে করতালি ও দোয়ার মাধ্যমে হাফেজদের বরণ করেন। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটিতে ঈমানি ভালোবাসা ও গর্বের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন
rain

বৃষ্টি নিয়ে কুরআনে যা বলা আছে

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন। হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকেরা অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া হাফেজদের মায়েরা মাথায় বিশেষ ধরনের মুকুট পরেন। এই মুকুটগুলোতে আরবিতে লেখা ছিল—প্রথম হাজার হাফেজ। এই লেখাটি ঐতিহাসিক সংখ্যাটিকে স্মরণীয় করে রাখে।

স্থানীয়রা জানিয়েছেন, এই আয়োজনটি কেবল কোরআনের হাফেজদের সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্মানের বন্ধনকে মজবুত করে এবং পুরো সমাজের জন্য প্রেরণার বার্তা বহন করে।

আরটিভি/এআর