বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০১:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র।
জোহরান মামদানি ৮৪ লাখেরও অধিক জনসংখ্যার শহরে নেতৃত্ব লাভ করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। ৩৪ বছর বয়সে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রজন্মের সবচেয়ে কম বয়সী ও উদারপন্থী নেতা হলেন তিনি।
ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি ১০ লাখ ৩৫ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন; যা মোট ভোটারের ৫০ দশমিক ৪ শতাংশ। তিনি হারিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে। কুমো পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৭৮৩ ভোট; যা মোট ভোটারের ৪১ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১২৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। তার প্রাপ্ত ভোট ৭ দশমিক ১ শতাংশ।
নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মেয়র নির্বাচনে ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে বাঘা রাজনীতিক আর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী। ট্রাম্পের সমর্থন পাওয়া সেই কুমোকে হারিয়ে বাজিমাত করেন জোহরান মামদানি।
জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। সাত বছর বয়সে তিনি মা–বাবার সঙ্গে নিউইয়র্কে আসেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি। রাজনীতিতে তিনি একেবারে নতুন মুখ। তবে নিউইয়র্ক নগরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখিয়ে অল্প সময়ের মধ্যেই আলোচনায় আসেন তিনি।
আরটিভি/একে