বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ১০:০৪ পিএম
স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বাবা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তার ছেলেকে সীমান্তের কাছে একা ফেলে রেখে চলে যান। অন্ধকারে ঠান্ডায় ভয় পেয়ে শিশুটি কাঁদতে শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বসিরহাট থানায় খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে যায় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ১০ বছর বয়সী ওই শিশুর বাড়ি আশোকনগর থানার কাঠপোল এলাকায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, শিশুটির বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়াতেন। সম্প্রতি তীব্র বিবাদের পর মাধবী ঘোষ তার বাবার বাড়ি চলে যান এবং ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে দেন।
কয়েক দিন পর মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে মায়ের কাছে রেখে আসার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে যান। কিন্তু মাধবী ঘোষ ছেলেকে নিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। এরপর পিন্টু ঘোষ ছেলেকে মোটরসাইকেলে করে বসিরহাট সীমান্ত গ্রামের কাছে নিয়ে গিয়ে একা ফেলে রেখে চলে যান।
পুলিশ কর্মকর্তারা জানান, ছেলেটি নিজের ঠিকানা জানাতে পারায় তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তার বাবা মাকে ডেকে এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য পরামর্শ ও সতর্ক করা হয়েছে।
আরটিভি/এআর