শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৫:৫৪ পিএম
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিল্প নগরীতে অবস্থিত পারফিউম গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কোজায়েলি প্রদেশের দিলোভাসি শহরে অগ্নিকাণ্ডটি ঘটে।
কোজায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাশের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবের জানায়, দিলোভাসি শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পৌরসভার টিমের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, দুঃখজনকভাবে ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইলহামি আক্তাশ বলেন, আহতদের মধ্যে দগ্ধ একজনের অবস্থা গুরুতর। অন্য চারজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং তারা চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনে ওই ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা একটি গুদাম হিসেবে ব্যবহৃত হতো। তবে, আগুনের উৎস এখনো স্পষ্ট নয়।
এক প্রত্যক্ষদর্শী এনটিভিকে জানান, আমি একটা বিস্ফোরণের শব্দ শুনলাম… বারান্দা থেকে তাকিয়ে দেখি, আমার এক সহকর্মীর পোশাকে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে পাইপ ধরে আগুন নিভিয়ে ফেলি। তারপর দেখি, আগুন পুরো কারখানাগুলোকে ঘিরে ফেলেছে। ভবনের ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল।
দিলোভাসি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শিল্পনগরী, যেখানে বহু কারখানা ও গোডাউন রয়েছে।
আরটিভি/এসএইচএম