images

আন্তর্জাতিক

ভারতের লালকেল্লায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, বহু হতাহত

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৯:৩৯ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ সময় আশপাশের তিন থেকে চারটি যানবাহনে আগুন ধরে যায়। 

সোমবার (১০ নভেম্বর) নয়াদিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লালকেল্লা মেট্রোস্টেশনের গেট নম্বর ১-এর পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এর ফলে আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়িও আগুনে পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন আসে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। নয়াদিল্লি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

দিল্লি পুলিশ বলেছে, লাল কেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে।

নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের অন্তত ২০টি গাড়ি সেখানে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌‌আমার বাড়ির ছাদ থেকে আগুনের বিশাল গোলা দেখতে পেয়েছি। বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে উঠেছে।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি গুরদুয়ারায় ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনি। বিস্ফোরণের শব্দ এত ভয়াবহ ছিল যে, কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারিনি। 

সূত্র: এনডিটিভি