images

আন্তর্জাতিক

এবার কারাগারে চালু হলো বন্দিদের জন্য ‘অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর রুম’ 

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ১১:১৯ পিএম

ইতালির উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বন্দিদের জন্য নতুন এক বিশেষ প্রকল্প চালু হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে গোপনীয়তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

গত শুক্রবার (১৮ এপ্রিল) ওই কারাগারে একটি বিশেষ কক্ষে বন্দী ও তাঁর নারী সঙ্গীর মধ্যে প্রথম অন্তরঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইতালির সাংবিধানিক আদালতের এক গুরুত্বপূর্ণ আদেশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বন্দিদের সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার স্বীকৃত হয়েছে।

উমব্রিয়ার বন্দীদের অধিকার বিষয়ক বিচারপতি জিউসেপে কাফোরিও বলেন, “প্রথম সাক্ষাৎটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং গোপনীয়তা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। এটি একটি পরীক্ষামূলক প্রকল্প, যা সফল হলে আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত করা হবে।”

বিচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, এই ধরনের সাক্ষাতের জন্য বন্দিদের বিছানা, টয়লেটসহ একটি নির্দিষ্ট কক্ষে দুই ঘণ্টা পর্যন্ত থাকার সুযোগ থাকবে। তবে নিরাপত্তার কারণে দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হবে না যাতে প্রয়োজনে দ্রুত হস্তক্ষেপ করা যায়।

ইতালির কারাগারগুলোতে বর্তমানে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি, যার কারণে অতিরিক্ত চাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা এবং পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন
snake

বিষধর সাপের ফণা মুখে নিয়ে যে কাণ্ড ঘটালেন বৃদ্ধ 

ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেনে আগেও এ ধরনের সুযোগ চালু রয়েছে। ইতালির এই পদক্ষেপ বন্দীদের মানবাধিকার ও সম্মানজনক জীবনযাপনের ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে