শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১১:২৭ এএম
কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের কাছে বড়বাজারের এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে আগুন লাগার পর তা সকাল ১০টা পর্যন্তও নিয়ন্ত্রণে আনা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ২১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং পরিস্থিতি অনুযায়ী আরও ইউনিট সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামটিতে আগুন লাগে। গুদামটিতে প্রচুর বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার এবং মজুত দাহ্য পদার্থ ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেউ কেউ শর্ট সার্কিটকেও দায়ী করছেন।
পুলিশ ও দমকল সূত্র জানায়, ভোরে স্থানীয়েরাই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ঘনবসতি এলাকা হওয়ায় আগুন গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। গুদামের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিস সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নয় এবং আগুন নেভাতেই ব্যস্ত। অন্যদিকে, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খবর পেয়েও দেরিতে আসায় আগুন আরও ছড়িয়ে পড়েছে।
আরটিভি/এআর