images

আন্তর্জাতিক / ভারত

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩০০ মিটার দূরে ছিটকে যায় পুলিশের দেহাংশ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১২:৫৩ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ধ্বংসলীলার বীভৎসতা সামনে আসছে। থানা সংলগ্ন এক বাড়ির সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে বিস্ফোরণের সেই মুহূর্ত। এতে দেখা যায় বিস্ফোরণের তীব্র ধাক্কায় নিহতদের দেহ ও দেহাংশ ছিটকে থানা এলাকা থেকে অন্তত ৩০০ মিটার দূর পর্যন্ত গিয়ে পড়েছিল। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা চলার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ ফরেনসিক কর্মকর্তা।

আরও পড়ুন
Web-Image

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটে বিস্ফোরক পরীক্ষার সময়ই বিস্ফোরণটি ঘটে। এর পেছনে অন্য কোনো কারণ নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষ উদ্ধারেও উদ্ধারকারী দলকে হিমশিম খেতে হয়েছে।

বিস্ফোরকটি ছিল মূলত ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদের তথ্যের ভিত্তিতে ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছিল। এই ভয়াবহ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।

আরটিভি/এআর