শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০২:৩৫ পিএম
বিহার বিধানসভা নির্বাচনে দারুণ চমক দেখিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী এবং জনপ্রিয় শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন। মাত্র ২৫ বছর বয়সে মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হিসেবে পরিচিতি লাভ করেছেন। খবর নিউজ এইটিনের।
সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে।
২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করা মৈথিলী তার বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
মাত্র ২৫ বছর বয়সে মৈথিলীর বড় অংকের সম্পত্তি রয়েছে। নির্বাচনি হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে, অলংকারের মূল্য প্রায় ৫০ লাখ, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে।
আরটিভি/এআর