images

আন্তর্জাতিক / এশিয়া / পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কড়া বার্তা দিলো পাকিস্তান

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:৪৬ পিএম

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত—যা একসময় ছিল বাণিজ্যের প্রাণপথ—তা এখন অবিশ্বাস আর সংঘাতের আগুনে পুড়ছে। সীমান্ত ক্রসিংগুলো বন্ধ। একপাশে ভয়ংকর সংঘর্ষের ক্ষত, অন্যপাশে থমকে যাওয়া আফগান অর্থনীতির হাহাকার। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে তালেবান সরকার ব্যবসায়ীদের পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে এবং বিকল্প বাণিজ্য রুট খুঁজতে উৎসাহিত করছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আফগান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো অর্থনৈতিক সম্পর্ক রাখা সম্ভব নয়। শুক্রবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এই তথ্য দেন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য ও সংযোগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে এই ধরনের প্রচেষ্টা সহাবস্থান করতে পারে না।

আরও পড়ুন
6

পাকিস্তানে সর্বময় ক্ষমতা পেলেন সেনাপ্রধান

মুখপাত্র জানান, তালেবান সরকার স্থানীয় ব্যবসায়ীদের পাকিস্তানকে বাদ দিয়ে অন্য দেশের সাথে বাণিজ্য করার নির্দেশ দিয়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় আন্দ্রাবি বলেন বাণিজ্য ও অর্থনৈতিক বিবেচনার চেয়ে মানুষের জীবন অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, আমরা আফগানিস্তানকে অনেক বাণিজ্য ছাড় দিয়েছি, কিন্তু আফগান তালেবান সরকার তার প্রতিদান দেয়নি। তারা আফগান মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানো উপাদানগুলিকে সক্রিয়ভাবে সমর্থন ও আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট তখনই সম্ভব, যখন আফগান তালেবান সরকার তার অঞ্চল থেকে পাকিস্তানবিরোধী উপাদানগুলির বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবে।

মুখপাত্র সাম্প্রতিক ইসলামাবাদ এবং ওয়ানায় সন্ত্রাসী হামলার ঘটনার উল্লেখ করে বলেন, উভয় ঘটনাতেই আফগানদের গভীর ছাপ ছিল। ইসলামাবাদ হামলায় একজন আফগান নাগরিক ছিল আত্মঘাতী বোমা হামলাকারী। কাবুলকে এই বাস্তবতা বুঝতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান তার জনগণকে রক্ষা করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আফগানিস্তানকে তার অঞ্চল থেকে পরিচালিত সন্ত্রাসীদের জন্য জবাবদিহি করতে বাধ্য করবে।

তালেবানদের এই যুক্তি যে তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে অসহায়, সেটিকে মুখপাত্র অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন।

আরটিভি/এআর