রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৩:০৫ পিএম
Failed to load the video
ভোরের কুয়াশা পুরোপুরি কাটার আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশ ফেটে উঠলো প্রচণ্ড শব্দে। শুক্রবার(১৪ নভেম্বর) রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক আক্রমণ চালানো হয়। এই হামলায় অন্তত ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে কিয়েভের মেয়র ও জরুরি বিভাগ নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া হামলার মাত্রা অনেকটাই বাড়িয়েছে, বিশেষত জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতে। শুক্রবারের আক্রমণটি ছিল পরিকল্পিত ও তীব্র।
শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, এই হামলা ছিল একসাথে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে। জ্বালানি ব্যবস্থা, রেল যোগাযোগ এবং তাপ উৎপাদন কেন্দ্রসহ কোনো কিছুই রেহাই পায়নি।
কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো জানান, রাশিয়ার লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনা নয়, আবাসিক ভবনও। বহুতল ভবনগুলোতে সরাসরি আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র।
মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করলেও আঘাত এসেছে এত বেশি জায়গায় যে তারা সবগুলো থামাতে পারেনি। এ হামলায় কিয়েভের ১০টির মধ্যে আটটি জেলা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও ৪০ জনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এক গর্ভবতী নারীকে গুরুতর আহত অবস্থায় এবং আরেকজন পুরুষকে খারাপ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
মেয়র টেলিগ্রামে এক পোস্টে জানান, শুধু বিদ্যুৎ নয়, এই হামলায় পানি সরবরাহ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আসন্ন শীতে মানুষের জীবনে বড় আঘাত হানবে।
আরটিভি/এআর