শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:১৮ পিএম
গত বছর বড়দিনের সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিন ভাই তাদের মৃত মায়ের চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে এমন একটি জিনিস আবিষ্কার করেন, যা তাদের জীবন বদলে দিয়েছে। পুরোনো খবরের কাগজের স্তূপের নিচে, মাকড়সার জালে ঢাকা অবস্থায় তারা খুঁজে পান সুপারম্যান কমিকসের প্রথম দিককার একটি কপি। এটি সম্প্রতি নিলামে ৯ দশমিক ২ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১১২ কোটি ৬৫ লাখ টাকা) বিক্রি হয়ে সর্বকালের সবচেয়ে দামি কমিক বইয়ের রেকর্ড গড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যান অব স্টিলের অ্যাডভেঞ্চার নিয়ে প্রকাশিত ১৯৩৯ সালের জুনের এই প্রথম সংস্করণটি ছিল অবিশ্বাস্যভাবে একেবারে নতুনের মতো। এই আবিষ্কার কেবল একটি অর্থনৈতিক সাফল্য নয়, বরং এটি বিস্মৃত পারিবারিক স্মৃতি ও ইতিহাসের এক আবেগঘন প্রত্যাবর্তনের গল্প।
টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশনস হাউস বৃহস্পতিবার এই নিলামের আয়োজন করে। ওই দুই ভাই ২০২৪ সালে একটি কার্ডবোর্ডের বাক্সের ভেতরে পত্রিকার স্তূপের নিচে মোট ছয়টি কমিকস বই খুঁজে পান, যার মধ্যে ছিল এই সুপারম্যান কমিকসটি।
হেরিটেজ অকশনসের সহসভাপতি লন অ্যালেন জানান, ৫০ ও ৬০-এর ঘরে বয়স এমন ওই দুই ভাই নিজেদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যালেন বলেন, “তাদের মা সব সময় বলতেন, তার কাছে দামি কমিকস সংগ্রহ আছে; কিন্তু তিনি কখনোই সেগুলো দেখাননি। এটা যেন সেই পুরনো গল্পের উল্টো চিত্র, যেখানে মা শিশুদের কমিকস ফেলে দেয়।”
হেরিটেজের তথ্য অনুযায়ী, তাদের মা তার ভাইয়ের সঙ্গে মিলে মহামন্দা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের সময়ের মধ্যে এসব কমিকস কিনে সংগ্রহ করেছিলেন।
কমিকসটির এমন ভালো অবস্থায় টিকে থাকার পেছনে আবহাওয়ার বড় ভূমিকা ছিল। লন অ্যালেন বলেন, উত্তর ক্যালিফোর্নিয়ার ঠাণ্ডা আবহাওয়া পুরোনো কাগজ ভালোভাবে টিকে থাকতে সাহায্য করেছে। তার কথায়, যদি এগুলো টেক্সাসের কোনো চিলেকোঠায় থাকত, তাহলে সব নষ্ট হয়ে যেতো।
এই ভালো অবস্থার কারণেই বিখ্যাত গ্রেডিং প্রতিষ্ঠান সিজিসি সুপারম্যানের এই কপিটিকে ১০-এর মধ্যে ৯ রেটিং দিয়েছে, যা আগের রেকর্ড ৮ দশমিক ৫-কেও ছাড়িয়ে গেছে।
ক্রেতার প্রিমিয়ামসহ ৯ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়ে এই সুপারম্যান কমিকসটি আগের সবচেয়ে দামি কমিকসের রেকর্ডকে প্রায় ৩ মিলিয়ন ডলারের ব্যবধানে পেছনে ফেলেছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩৮ সালে প্রকাশিত অ্যাকশন কমিকস নং-১-এর দখলে, যেখানে প্রথমবার সুপারম্যানকে দেখা যায়। সেই কমিকস গত বছর ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
ছোট ভাই হেরিটেজের প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বছর যেতে যেতে জীবনে নানা দুঃখ, ক্ষতি আর পরিবর্তন এসেছে। দৈনন্দিন জীবনের চিন্তাতেই সব সময় কেটে গেছে... এটা শুধু পুরনো কাগজ বা কালি নিয়ে কোনো গল্প নয়, শুধু সংগ্রহের জিনিসও নয়। এটা স্মৃতি, পরিবার আর অতীত কিভাবে হঠাৎ আবার ফিরে আসে—তারই একটি উদাহরণ।
আরটিভি/এআর