images

আন্তর্জাতিক

থানার ভেতর চিতাবাঘের হানা, ভিডিও ভাইরাল

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৫:২৩ পিএম

উত্তরাখণ্ডের নৈনিতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে থানার মূল ফটক পেরিয়ে হঠাৎই থানার ভেতরে ঢুকে পড়ে এক চিতাবাঘ। মুহূর্তের মধ্যেই পুলিশের পোষা কুকুরের উপর চড়াও হয়ে তাকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। পুরো ঘটনাই ধরা পড়ে থানার সিসিটিভিতে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনা ঘটে ১৭ নভেম্বর মধ্যরাতে বেতালঘাট থানায়। ফটক খোলা থাকার সুযোগে চিতাবাঘটি নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই সময় থানার দরজার সামনে দায়িত্বে ছিল পুলিশের পোষা কুকুরটি। চিতাবাঘটিকে দেখে চিৎকার করে সতর্ক করতে চেষ্টা করে কুকুরটি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। চিতাবাঘ দ্রুত হামলা চালিয়ে তার ঘাড় কামড়ে ধরে টেনে নিয়ে যায়।

সিসিটিভিতে দেখা যায়, কুকুরটি প্রাণপণ লড়াই করার চেষ্টা করলেও শক্তিশালী চিতাবাঘের সঙ্গে লড়াইয়ে টিকতে পারেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত চিতাবাঘের চোয়াল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় কুকুরটি। বর্তমানে সেটি চিকিৎসাধীন রয়েছে। 

 

এই ভয়াবহ ভিডিওটি সাংবাদিক সচিন গুপ্ত তার এক্স হ্যান্ডলে পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এক ব্যবহারকারী মন্তব্য করেন, চিতাবাঘ যে কতটা বিপজ্জনক হতে পারে, ভিডিওটি তারই প্রমাণ। এখন কুকুরটির অবস্থা কেমন সেটাই চিন্তার বিষয়।

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় চিতাবাঘের চলাচল নিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে