images

আন্তর্জাতিক

১৭ বছর পর হারানো মেয়েকে ফিরে পেল পরিবার

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৯ এএম

পাকিস্তানে হৃদয়স্পর্শী এক পুনর্মিলনের ঘটনা দেশজুড়ে আলোচনায় এসেছে। ইসলামাবাদের এক বর্ষার দিনে মাত্র ১০ বছর বয়সে আইসক্রিম কিনতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল কিরণ নামের এক শিশু। সেই ঘটনা তার জীবনকে যেন এক অজানা গহ্বরে ছুড়ে দেয়। পরিবার, গ্রাম, শৈশব সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। দীর্ঘ ১৭ বছর পর অবশেষে নিজের পরিবারে ফিরে এসেছে কিরণ।

পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার একটি ছোট গ্রামে বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে বেড়ে উঠছিল কিরণ। নিখোঁজ হওয়ার পর পরিবার প্রাণপণ খোঁজ চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক কীভাবে বা কোন পরিস্থিতিতে কিরণ করাচিতে পৌঁছায় তা এখনো পরিষ্কার নয়। তবে পরে তাকে আশ্রয় দেয় পাকিস্তানের সুপরিচিত সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ইধি ফাউন্ডেশন। সেখানে থেকেই বড় হয়ে ওঠে কিরণ।

এদিকে পরিবারও থেমে থাকেনি। ১৭ বছর ধরে প্রতিদিন অপেক্ষা করেছে। কোনো একদিন হয়তো তাদের মেয়েটি ফিরে আসবে এই আশায়।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটায় পাঞ্জাবের ‘সেফ সিটি প্রজেক্ট’। প্রকল্পের কর্মকর্তারা সম্প্রতি কিরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে অনুসন্ধান শুরু করেন। সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে কিরণের পুনর্মিলন সম্ভব হয়।

এই দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কোলে ফেরা কিরণের গল্প পাকিস্তানে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মানবিকতা, আশার দৃঢ়তা এবং সামাজিক উদ্যোগের শক্তি সবকিছুর এক সুন্দর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাকে।

সূত্র: হাম নিউজ 

আরটিভি/এসকে